মহিলারা ঘরের বাইরে যাবেন না! কেরল ধর্মগুরুর ফতোয়ায় তুঙ্গে বিতর্ক – এবেলা

এবেলা ডেস্কঃ
কোচিতে এক ধর্মীয় সম্মেলনে সুন্নি ধর্মগুরু শেখ আবু বকর আহমদ ওরফে কান্থাপুরম এপি আবু বকর মুসলিয়ার মন্তব্যকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক ও সামাজিক বিতর্ক সৃষ্টি হয়েছে। তিনি দাবি করেন, পবিত্র কোরানের নির্দেশ অনুযায়ী মহিলাদের ঘরেই থাকা উচিত এবং জনসমক্ষে তাঁদের আসার কোনো প্রয়োজন নেই। শুধু মুখেই নয়, সম্মেলনে প্রকাশিত লিখিত নির্দেশিকায় সমস্ত মাদ্রাসাকে ধর্মীয় সভাগুলিতে অনাত্মীয় পুরুষদের মাঝে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ করার কথা বলা হয়েছে।
এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে পালটা আক্রমণ শানিয়েছেন কেরলের শ্রমমন্ত্রী বিন্দু কৃষ্ণ। তাঁর মতে, এ ধরনের বক্তব্য ভারতীয় সংবিধানপ্রদত্ত নারী-পুরুষের সমানাধিকার ও স্বাধীনতার পরিপন্থী এবং এটি নারীদের কয়েক শতাব্দী পিছিয়ে দেওয়ার একটি সুপরিকল্পিত প্রয়াস। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, নারীরা স্বাধীনভাবে চলাফেরা করে সমাজের মূল স্রোতে এগিয়ে চলেছেন, তাই এই ধরনের রক্ষণশীল ফতোয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
