মহেশতলা থেকে বজবজ জমে উঠেছে নির্বাচনী প্রচারের প্রস্তুতি ও রাজনৈতিক লড়াই – এবেলা
এবেলা ডেস্কঃ
২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে মহেশতলা, বজবজ এবং মেটিয়াবুরুজ এলাকায় জোরকদমে প্রচার শুরু করেছে শাসক ও বিরোধী দলগুলো। মহেশতলায় বামফ্রন্টের প্রার্থী আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় সোমবার থেকেই মিছিল ও কর্মী বৈঠকের মাধ্যমে জনসংযোগ শুরু করেছেন। অন্যদিকে, তৃণমূল কংগ্রেস এই কেন্দ্রে বর্তমান বিধায়ক দুলাল দাসের পরিবর্তে তাঁর পুত্র শুভাশিস দাসকে প্রার্থী করেছে। বিজেপি ও কংগ্রেস এখনও প্রার্থীর নাম ঘোষণা না করলেও দেওয়াল লিখন ও সাংগঠনিক সভার মাধ্যমে ময়দানে সক্রিয় রয়েছে।
বজবজ বিধানসভা কেন্দ্রে তৃণমূল পুনরায় অশোক দেবের ওপর আস্থা রেখেছে, যাঁর সমর্থনে দলীয় কর্মীরা ইতিমধ্যেই প্রচারে নেমেছেন। এই কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন ডাঃ তরুণ আদক, যিনি দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে তাঁর নির্বাচনী কর্মসূচি শুরু করেছেন। তবে বামফ্রন্টের পক্ষ থেকে এই আসনটি আইএসএফ-কে ছাড়া হতে পারে বলে রাজনৈতিক মহলে জল্পনা চলছে। প্রার্থীর নাম চূড়ান্ত না হলেও বাম কর্মীরা নিচুতলায় প্রস্তুতি অব্যাহত রেখেছেন।
মেটিয়াবুরুজ কেন্দ্রে তৃণমূলের আব্দুল খালেক মোল্লা এবং টিএম ব্লকে দিলীপ মণ্ডলের সমর্থনে দেওয়াল লিখন ও প্রচার শুরু হয়েছে। শাসক দল উন্নয়নের খতিয়ান নিয়ে মানুষের দ্বারে পৌঁছানোর পরিকল্পনা করছে। বিপরীতে, বিরোধী শিবির মূল্যবৃদ্ধি ও স্থানীয় সমস্যাগুলোকে হাতিয়ার করে ভোটারদের মন জয়ের চেষ্টা চালাচ্ছে। সব মিলিয়ে দক্ষিণ ২৪ পরগনার এই শিল্পাঞ্চল সংলগ্ন এলাকাগুলোতে দেওয়াল লিখন, মিছিল ও সভার মাধ্যমে রাজনৈতিক পারদ ক্রমশ চড়ছে।

