মাছ হাতে সল্টলেকে প্রচার বিজেপি প্রার্থীর, ‘মাছে-ভাতে’ বাঙালির মন জয়ে অভিনব কৌশল – এবেলা
এবেলা ডেস্কঃ
সল্টলেকের বিধাননগর বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে এক অভূতপূর্ব দৃশ্য ধরা পড়ল। রবিবার ছুটির দিনে ভোটারদের নজর কাড়তে হাতে আস্ত বড় কাতলা মাছ নিয়ে জনসংযোগে নামেন বিজেপি প্রার্থী ডাঃ শারদ্বত মুখোপাধ্যায়। ‘মাছে-ভাতে বাঙালি’ আবেগকে হাতিয়ার করে তিনি সল্টলেকের বিভিন্ন এলাকা ঘুরে বেড়ান। তৃণমূলের সুজিত বসু ও সিপিএমের সৌম্যজিৎ রাহার মতো প্রতিদ্বন্দ্বীদের মোকাবিলায় এই বিশেষ কৌশল গ্রহণ করেছেন তিনি।
বিজেপি প্রার্থীর এই মৎস্য-প্রচারের নেপথ্যে রয়েছে রাজনৈতিক রটনা বন্ধের প্রচেষ্টা। বিরোধী শিবিরের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছিল যে, গেরুয়া শিবির ক্ষমতায় এলে বাঙালির মাছ-ভাত খাওয়া বন্ধ হয়ে যেতে পারে। সেই গুজব উড়িয়ে দিতেই কাতলা মাছ হাতে নিয়ে শারদ্বতবাবু জানান, মাছ ছাড়া বাঙালি অচল এবং মাছ যে কোনো শুভ কাজের প্রতীক। ১৫ বছরের শাসনের পরিবর্তনের ডাক দিতেই এই ‘মৎস্যমুখ’ প্রচার।
একদিকে যখন তৃণমূল প্রার্থী সুজিত বসু বিশাল র্যালি করে শক্তিপ্রদর্শন করছেন এবং সিপিএম প্রার্থী বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ সারছেন, তখন নজর কেড়েছে শারদ্বতবাবুর এই কাতলা হাতে নমস্কার করার ভঙ্গি। উন্নয়নের ফিরিস্তি বা চাকরির প্রতিশ্রুতির চেয়েও বাঙালির খাদ্য সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে ভোটারদের আবেগ স্পর্শ করাই ছিল এই প্রচারের মূল লক্ষ্য। রাজারহাট-গোপালপুর ও নিউটাউন এলাকাতেও এদিন অন্যান্য প্রার্থীদের বর্ণাঢ্য প্রচার লক্ষ্য করা গেছে।

