লেটেস্ট নিউজ

মাঝ আকাশে বিমানে ভূতের আতঙ্ক! ল্যান্ডিংয়ের আগেই ইমার্জেন্সি গেট খোলার চেষ্টা যাত্রীর – এবেলা

এবেলা ডেস্কঃ

বারাণসীগামী ইন্ডিগো ফ্লাইটে শনিবার রাতে তুলকালাম কাণ্ড ঘটালেন এক যাত্রী। মাঝ আকাশে আচমকাই বিমানের জরুরি দরজা খোলার চেষ্টা করেন উত্তরপ্রদেশের মউ জেলার বাসিন্দা মহম্মদ আদনান। ল্যান্ডিংয়ের ঠিক আগমুহূর্তে তাঁর এই অদ্ভুত আচরণে প্রাণ হাতে নিয়ে প্রার্থনা শুরু করেন বিমানে থাকা অন্য যাত্রীরা। পাইলট তৎক্ষণাৎ ল্যান্ডিং বাতিল করে বিমানটিকে আকাশে চক্কর কাটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

রাত সোয়া আটটা নাগাদ বেঙ্গালুরু থেকে ওড়ার কিছুক্ষণ পরেই প্রথমবার গেট নিয়ে নাড়াচাড়া শুরু করেছিলেন আদনান। সে যাত্রায় কেবিন ক্রু-র সতর্কতায় পরিস্থিতি শান্ত হলেও, ল্যান্ডিংয়ের ঠিক ১৫ মিনিট আগে ফের মরিয়া হয়ে ওঠেন তিনি। শেষ পর্যন্ত রাত সাড়ে দশটা নাগাদ নিরাপদ ল্যান্ডিংয়ের পর ওই যুবককে সিআইএসএফ-এর হাতে তুলে দেওয়া হয়।

পুলিশি জেরায় অভিযুক্ত যুবকের দাবি শুনে চক্ষু চড়কগাছ তদন্তকারীদের। আদনান জানান, তাঁর ওপর নাকি ‘ভূতের আসর’ হয়েছিল! অশুভ শক্তির প্রভাবেই তিনি হিতাহিত জ্ঞান হারিয়ে এই কাণ্ড ঘটিয়েছেন। গোয়েন্দাদের তিনি আরও বলেন যে, গোয়ায় ছুটি কাটিয়ে ফেরার পথে তিনি বুঝতেই পারেননি হাতলটি টানলে বিমানের দরজা খুলে যেতে পারে। বর্তমানে অভিযুক্তের মানসিক অবস্থা খতিয়ে দেখছে পুলিশ এবং তাঁর পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *