মাঝ আকাশে যুদ্ধাতঙ্ক! প্যারিস থেকে ফেরার পথে ভয়াবহ অভিজ্ঞতার মুখে সন্দীপ্তা সেন – এবেলা
এবেলা ডেস্কঃ
দুবাই সহ মধ্যপ্রাচ্যের আকাশপথে যুদ্ধের অস্থিরতা এবং বিমান পরিষেবা বিঘ্নিত হওয়ায় বিদেশে চরম বিপাকে পড়লেন টলিউড অভিনেত্রী সন্দীপ্তা সেন। স্বামী সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে ফিনল্যান্ড ও প্যারিস ভ্রমণে গিয়ে দেশে ফেরার পথে কার্যত অনিশ্চয়তার মুখে পড়েন এই তারকা দম্পতি।
প্যারিস থেকে ২ অক্টোবর বিমানে ওঠার কথা থাকলেও একের পর এক উড়ান বাতিল হতে থাকায় বিপত্তি বাড়ে। সন্দীপ্তা জানান, যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা কোনওভাবেই ফেরার পথ খুঁজে পাচ্ছিলেন না। দীর্ঘ প্রতীক্ষা এবং রুট পরিবর্তনের পর পোল্যান্ড ও দিল্লি হয়ে অবশেষে ৬ অক্টোবর কলকাতায় পৌঁছান তাঁরা।
ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা জানিয়ে সন্দীপ্তা বলেন, “আমরা প্যারিসে থাকায় সুরক্ষার অভাব বোধ করিনি ঠিকই, কিন্তু ফেরার জন্য কোনও ফ্লাইট পাচ্ছিলাম না। বারবার উড়ান বাতিল হচ্ছিল। শেষ পর্যন্ত অনেকটা ঘুরে ফিরতে পেরেছি এটাই স্বস্তির।” নিজেরা ফিরতে পারলেও এই পরিস্থিতির কারণে যাঁদের ভ্রমণ পরিকল্পনা বাতিল হয়েছে এবং আর্থিক ক্ষতির মুখে পড়েছেন, তাঁদের জন্য সমবেদনা প্রকাশ করেছেন অভিনেত্রী। টলিপাড়ার আরেক অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও সপরিবারে দুবাইয়ে আটকে থাকার পর সম্প্রতি কলকাতায় ফিরেছেন।

