মাঝরাতে হাহাকার! মহারাষ্ট্রে ৪ তলা বহুতল ভেঙে প্রাণ হারালেন ৯, ধ্বংসস্তূপে জোর উদ্ধারকাজ – এবেলা

এবেলা ডেস্কঃ
মুষলধারে বৃষ্টির জেরে মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। বৃহস্পতিবার গভীর রাতে আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি চারতলা আবাসিক ভবন। এই ভয়াবহ দুর্ঘটনায় জ্যান্ত কবর হয়ে এখনও পর্যন্ত অন্তত ৯ জনের প্রাণহানি ঘটেছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (NDRF) আশঙ্কা—ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকেই আটকে রয়েছেন।
বিপদের সংকেত পেয়েও শেষরক্ষা হলো না স্থানীয় প্রশাসন ও বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ভিওয়ান্ডির ওই চারতলা ভবনটিতে মোট ৪৮টি ঘর ছিল। বিল্ডিংটি বহু পুরনো হওয়ায় স্থানীয় পুরসভা এটিকে আগেই ‘বিপজ্জনক’ ঘোষণা করেছিল। সম্প্রতি ভবনটিতে কিছু মেরামতির কাজও চলছিল।
প্রত্যক্ষদর্শীদের মতে, বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ আচমকাই ভবনের দেওয়ালে বিকট শব্দে ফাটল ধরতে শুরু করে। আতঙ্কে অনেক বাসিন্দা তৎক্ষণাৎ ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন এবং প্রশাসনকে খবর দেন। এলাকা খালি করার প্রক্রিয়া যখন চলছিল, ঠিক তখনই রাত ১১টা ৩০ মিনিট নাগাদ ভবনটির ‘বি উইং’ এক মুহূর্তে মাটিতে মিশে যায়।
যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ ঘটনার খবর পাওয়া মাত্রই দুর্ঘটনাস্থলে পৌঁছায় এনডিআরএফ (NDRF), থানে ডিজাস্টার রেসপন্স ফোর্স, দমকল বাহিনী এবং বিশেষ ডগ স্কোয়াড।
- উদ্ধারের চিত্র: বৃহস্পতিবার রাতেই ধ্বংসস্তূপ থেকে ৬টি নিথর দেহ উদ্ধার করা হয়েছিল। শুক্রবার সকালে এনডিআরএফ নিশ্চিত করেছে যে মৃতের সংখ্যা বেড়ে ৯ হয়েছে।
- আশঙ্কা: মৃতদের মধ্যে ভবনের মেরামতির কাজে থাকা শ্রমিক এবং আটকে পড়া বাসিন্দারা রয়েছেন বলে প্রাথমিক অনুমান।
বর্তমানে ভারী জেসিবি ও আধুনিক যন্ত্রপাতি দিয়ে ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের খোঁজে ম্যারাথন উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা।
