লেটেস্ট নিউজ

মাঝরাতে হিমাচল বনাম দিল্লি পুলিশের হাইভোল্টেজ ড্রামা! – এবেলা

এবেলা ডেস্কঃ

নিউজ ডেস্ক: দিল্লির ‘এআই ইমপ্যাক্ট সামিট’-এ উর্ধ্ববাস হয়ে প্রতিবাদ জানানোর ঘটনার রেশ এবার গড়াল হিমাচলের পাহাড়ে। তিন যুব কংগ্রেস কর্মী—সৌরভ সিং, সিদ্ধার্থ অবধূত এবং আরবাজ খানকে কেন্দ্র করে বুধবার দিনভর কার্যত রণক্ষেত্রের চেহারা নিল হিমাচলের রোহরু। এক রিসর্ট থেকে এই অভিযুক্তদের গ্রেফতার করাকে কেন্দ্র করে মুখোমুখি সংঘাতে জড়িয়ে পড়ল দিল্লি ও হিমাচল প্রদেশ পুলিশ।

হিমাচল পুলিশের দাবি ছিল, দিল্লি পুলিশ গ্রেফতারির সময় সঠিক আইনি প্রক্রিয়া মেনে চলেনি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, শিমলা পুলিশ মাঝরাস্তায় ব্যারিকেড দিয়ে দিল্লি পুলিশের গাড়ি আটকে দেয় এবং অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিয়ে নেয়। দুই রাজ্যের পুলিশের এই নজিরবিহীন টানাপোড়েনে দিনভর টানটান উত্তেজনা বজায় ছিল।

অবশেষে দীর্ঘ আইনি লড়াইয়ের পর রাত ১টার দিকে স্থানীয় আদালত দিল্লি পুলিশকে ট্রানজিট রিমান্ডের অনুমতি দেয়। এরপর আম্বালা সিভিল হাসপাতালে অভিযুক্তদের মেডিকেল পরীক্ষা করিয়ে তাঁদের দিল্লির উদ্দেশ্যে নিয়ে রওনা দেয় পুলিশ বাহিনী। রাজনৈতিক প্রতিবাদের জেরে দুই রাজ্যের পুলিশের এমন সংঘাত সাম্প্রতিক সময়ে বিরল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *