মাঝসমুদ্রে তাণ্ডব এড়িয়ে রক্ষা! দিঘায় উদ্ধার অন্ধ্রের বিকল ট্রলার সহ ৭ মৎস্যজীবী – এবেলা

মাঝসমুদ্রে তাণ্ডব এড়িয়ে রক্ষা! দিঘায় উদ্ধার অন্ধ্রের বিকল ট্রলার সহ ৭ মৎস্যজীবী – এবেলা

এবেলা ডেস্কঃ

গভীর সমুদ্রে বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন অন্ধ্রপ্রদেশের ৭ জন মৎস্যজীবী। বুধবার দিঘা মোহনা থেকে প্রায় ৫০ নটিক্যাল মাইল দূরে ইঞ্জিন বিকল হয়ে ভাসছিল তাঁদের ট্রলার ‘শ্রী মুথিয়াল আম্মা’। সেসময় দিঘা থেকে মাছ ধরতে যাওয়া ‘কালী গঙ্গা’ নামে একটি ট্রলারের মৎস্যজীবীদের নজরে আসে হলুদ রঙের বিকল ট্রলারটি।

‘কালী গঙ্গা’ ট্রলারের মালিক অরবিন্দ বর্মন জানান, সকাল ৭টা নাগাদ জাল ফেলার সময় ট্রলারটিকে বিপদে পড়তে দেখে তাঁরা এগিয়ে যান। সঙ্গে সঙ্গে তাঁরা ট্রলারে আটকে থাকা মৎস্যজীবীদের চাল, ডাল ও খাবার দিয়ে মানবিক সাহায্য করেন এবং দ্রুত খবর পাঠান দিঘা ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশন ও মৎস্য দপ্তরে। পরবর্তীতে দিঘার ট্রলারটি দিয়ে বিকল ট্রলারটিকে টেনে নিরাপদে দিঘা মোহনায় ফিরিয়ে আনা হয়।

ঘটনার খবর পেয়ে কোস্টগার্ড ও কোস্টাল পুলিশ উদ্ধারকাজে সমন্বয় গড়ে তোলে। কাঁথি মৎস্য দপ্তরের সহ-মৎস্য অধিকর্তা (সামুদ্রিক) সুমন সাহা জানান, উদ্ধার হওয়া ৭ জন মৎস্যজীবীই সম্পূর্ণ সুস্থ আছেন এবং তাঁদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। দিঘার মৎস্যজীবীদের এই দ্রুত তৎপরতা ও মানবিকতার ভূয়সী প্রশংসা করেছেন দিঘা ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব কর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *