মাটির নিচে অবিশ্বাস্য ইতিহাস, বাংলার মন্দিরে মিললো ১৮টি বিরল পুঁথি!

বিহারের নওয়াদা জেলার চণ্ডীপুর গ্রামে অবস্থিত ১৮৮৩ সালে প্রতিষ্ঠিত শ্রী ঠাকুর রাধারমণ লালজি মন্দিরের গর্ভ থেকে ১৮টি দুষ্প্রাপ্য প্রাচীন পুঁথি উদ্ধার করা হয়েছে। তালপাতা, কাপড় ও ভূর্জপত্রের ওপর নিপুণভাবে খোদাই করা এই পাণ্ডুলিপিগুলোতে প্রাচীন ভারতের আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি ও ঐতিহ্যবাহী ঔষধি শাস্ত্রের গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত রয়েছে। দীর্ঘকাল লোকচক্ষুর আড়ালে থাকা এই নিদর্শনগুলোকে ভারতের ধ্রুপদী সংস্কৃতির এক অনন্য মাইলফলক হিসেবে বিবেচনা করছেন ইতিহাসবিদরা।
উদ্ধারকৃত এই পাণ্ডুলিপিগুলোকে সরকার ‘জ্ঞান ভারতম’ নামক ডিজিটাল প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করেছে, যাতে সাধারণ মানুষ ও গবেষকরা সহজেই এগুলো সম্পর্কে জানতে পারেন। প্রাচীন চিকিৎসা ও জীবনশৈলী নিয়ে নতুন গবেষণার পথ প্রশস্ত করতে সরকার দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা এমন ঐতিহাসিক সম্পদ উদ্ধারে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। যেকোনো স্থানে প্রাচীন পুঁথির সন্ধান মিললে প্রশাসনকে দ্রুত অবহিত করার অনুরোধ জানানো হয়েছে, যাতে পরবর্তী প্রজন্মের জন্য এই মূল্যবান জাতীয় সম্পদ যথাযথভাবে সংরক্ষণ করা সম্ভব হয়।
