মাটির নিচে রাখা জীবনের সঞ্চয়, ভুলেই সর্বস্বান্ত রাজস্থানের কৃষক! – এবেলা

এবেলা ডেস্কঃ
নিরাপত্তার খাতিরে মাটির নিচে ৫ লক্ষ টাকা লুকিয়ে রেখে উইপোকার আক্রমণে সর্বস্বান্ত হলেন রাজস্থানের এক কৃষক। ঘটনাটি ঘটেছে রাজ্যের ভালোত্রা জেলার নেভাই গ্রামে।
কী ঘটেছিল?
নেভাই গ্রামের বাসিন্দা মাঙ্গি লাল মেঘওয়াল নিজের জমি বিক্রি করে নগদ ৫ লক্ষ টাকা পেয়েছিলেন। ইচ্ছা ছিল এই টাকা দিয়ে পাকা বাড়ি তৈরি করবেন। কিন্তু চোর-ডাকাতের ভয় এবং অহেতুক খরচ বাঁচানোর তাগিদে পরিবারের কাউকে না জানিয়ে পুরো টাকা একটি পলিথিনের ব্যাগে ভরে নিজের জমিতে পুঁতে রাখেন তিনি।
ভুলোমনা স্বভাব ও বিপত্তি:
অতিরিক্ত মদ্যপান এবং ভুলোমনা স্বভাবের কারণে কিছুদিন পরেই মাঙ্গি লাল ভুলেই যান জমিতে ঠিক কোন জায়গায় তিনি টাকাটা পুঁতেছিলেন। পরে উপায় না দেখে পরিবারকে সব জানালে, তারা ১০ বিঘা জমি জুড়ে খোঁড়াখুঁড়ি করলেও টাকার দেখা মেলেনি।
উইপোকার তণ্ডবলীলা:
সম্প্রতি ভারী বৃষ্টির পর জমি চাষের কাজ শুরু হলে অলৌকিকভাবে সেই প্লাস্টিকের ব্যাগটি মাটির ওপর ভেসে ওঠে। মাঙ্গি লালের স্ত্রী ও সন্তান উৎসুক হয়ে ব্যাগটি উদ্ধার করেন, কিন্তু খুলতেই মাথায় আকাশ ভেঙে পড়ে। ততদিনে পলিথিন কেটে ভেতরের ৫০০ টাকার কড়কড়ে নোটগুলোকে একেবারে ঝাঁঝরা করে দিয়েছে উইপোকার দল! পচা কাগজের টুকরো ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না।
ব্যাঙ্কেও মেলেনি সুরাহা:
নোটগুলির অবস্থা চরম কঙ্কালসার হওয়ায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার স্থানীয় ও মূল শাখা—কোনোটিই এই নষ্ট হওয়া টাকা বদলে দিতে রাজি হয়নি। পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে নিজের এক ভুলের মাশুল গুণেই এখন নিঃস্ব হতে বসেছেন এই কৃষক।
