মাঠ থেকে সরিয়ে দেওয়া হলো তেজস্বীকে! জেন জি-র ভরসা পেয়ে বিজেপির যুব মোর্চায় কে এই হেমাঙ্গ? – এবেলা

এবেলা ডেস্কঃ
তরুণ প্রজন্মের রাজনৈতিক আস্থায় ভাগ বসাতে বড়সড় সাংগঠনিক রদবদল করল ভারতীয় জনতা পার্টি। দেশের যুব সমাজ বিশেষ করে ‘জেন জি’ বা বর্তমান প্রজন্মের ভোটারদের কাছে টানতে যুব মোর্চার জাতীয় সভাপতির পদ থেকে তেজস্বী সূর্যকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে ৩৩ বছর বয়সি গুজরাটের তরুণ সাংসদ হেমাঙ্গ যোশীকে। নিটের প্রশ্নফাঁস ও নানা আন্দোলনের পর তরুণদের মধ্যে তৈরি হওয়া ক্ষোভ মেটাতে এবং সোশাল মিডিয়ায় উপস্থিতি জোরদার করতেই বিজেপির এই পদক্ষেপ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
ভদোদরার সাংসদ হেমাঙ্গ যোশী তাঁর অত্যন্ত স্বচ্ছ ভাবমূর্তি, উচ্চশিক্ষাগত যোগ্যতা, প্রযুক্তিগত দক্ষতা এবং ‘টেক স্যাভি’ ব্যক্তিত্বের জন্য ইতোমধ্যে কেন্দ্রীয় নেতৃত্বের গুডবুক-এ স্থান করে নিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর দক্ষতায় মুগ্ধ এবং নিজের কেন্দ্রে ‘ডিজিটাল এমপি অফিস’ তৈরি করে রাজনীতিতে নতুন চমক দেখিয়েছেন এই তরুণ নেতা। রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়ের এবং মোদির ‘মন কি বাত’-এ প্রশংসিত হওয়া হেমাঙ্গ কোনো বিতর্ক ছাড়াই সোশ্যাল মিডিয়া ও সংগঠনকে কাজে লাগিয়ে বিজেপির নতুন তুরুপের তাস হয়ে উঠবেন বলেই বিশ্বাস গেরুয়া শিবিরের।
