মাঠে নামার আগেই নজর কাড়লেন ড্যানিশ স্ট্রাইকার সোয়বার্গ – এবেলা
এবেলা ডেস্কঃ
February 20, 202611:44 am
লাল-হলুদ শিবিরে নতুন আশার আলো হয়ে প্রবেশ করলেন ড্যানিশ স্ট্রাইকার অ্যান্টন সোয়বার্গ। শুক্রবার ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি হিসেবে অনুশীলনে নেমেই নিজের জাত চেনালেন এই দীর্ঘদেহী ফুটবলার। অনুশীলনের প্রথম দিনেই তার বাঁ পায়ের ধারালো শট এবং নিখুঁত ফিনিশিং দেখে মুগ্ধ ফুটবলার থেকে শুরু করে কোচিং স্টাফ সকলেই। কোচ অস্কার ব্রুজো সোয়বার্গের প্রতিভা দেখে তাকে ঘিরেই বড় কোনো ছক কষছেন বলে মনে করা হচ্ছে।
অনুশীলন পর্বে দেখা গিয়েছে, সোয়বার্গের ফিজিক্যাল প্রেজেন্স এবং বল নিয়ন্ত্রণ প্রতিপক্ষ রক্ষণভাগের জন্য ভয়ের কারণ হতে পারে। কোচ ব্রুজো তাকে মূলত ‘উইথড্রন স্ট্রাইকার’ হিসেবে ব্যবহার করতে চাইছেন, যাতে তিনি মাঝমাঠ থেকে বল তৈরি করে গোলমুখে হানা দিতে পারেন। প্রয়োজনে ইউসেফের সঙ্গে জুটি বাঁধিয়ে আক্রমণভাগকে আরও শক্তিশালী করার পরিকল্পনাও রয়েছে লাল-হলুদ থিঙ্কট্যাঙ্কের।
শনিবার স্পোর্টিং দিল্লির বিরুদ্ধে ইস্টবেঙ্গলের গুরুত্বপূর্ণ ম্যাচ। সূত্রের খবর, এই ম্যাচেই সোয়বার্গকে স্কোয়াডে রাখার কথা ভাবছেন কোচ। ম্যাচের পরিস্থিতি বুঝে শেষ মুহূর্তের জন্য তাকে মাঠে নামিয়ে পরখ করে নেওয়া হতে পারে। ড্যানিশ এই গোলমেশিন মাঠে নামলে লাল-হলুদ আক্রমণের ধার কতটা বাড়ে, এখন সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সমর্থকরা।

