লেটেস্ট নিউজ

মাথাভাঙা ও শীতলকুচিতে জোরকদমে প্রচার: ডেরা গাড়তে শহরে ভাড়াবাড়ি খুঁজছেন নিশীথ-হরিহর – এবেলা

এবেলা ডেস্কঃ

আসন্ন বিধানসভা নির্বাচনে মাথাভাঙা ও শীতলকুচি কেন্দ্রের দুই হেভিওয়েট ‘বহিরাগত’ প্রার্থীকে ঘিরে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। নির্বাচনী প্রচার ও সাংগঠনিক কাজ পরিচালনার সুবিধার্থে মাথাভাঙা শহরে উপযুক্ত ভাড়াবাড়ি খুঁজছেন তৃণমূল প্রার্থী হরিহর দাস এবং বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। প্রার্থীরা সরাসরি শহরে থেকে স্থানীয় কর্মীদের সঙ্গে নিবিড় সংযোগ রক্ষা করতে চাইছেন।

শীতলকুচি কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা রাজবংশী ভাষা আকাদেমির চেয়ারম্যান হরিহর দাস কোচবিহার-২ ব্লকের বাসিন্দা হওয়ায় মাথাভাঙায় থাকার সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে, মাথাভাঙার বিজেপি প্রার্থী ও প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকও তাঁর ভেটাগুড়ির বাড়ি থেকে যাতায়াতের সমস্যা এড়াতে শহরেই ডেরা গাড়তে চলেছেন। উভয় শিবিরের কর্মীরাই ইতিমধ্যে বেশ কয়েকটি বাড়ি পছন্দ করেছেন বলে জানা গিয়েছে।

বিজেপি ও তৃণমূলের জেলা নেতৃত্ব নিশ্চিত করেছে যে, প্রাথমিক পর্যায়ে বাড়ি নির্বাচন সম্পন্ন হয়েছে। এখন দুই প্রার্থী ব্যক্তিগতভাবে ঘরগুলি দেখে সবুজ সংকেত দিলেই চূড়ান্ত চুক্তি হবে। বর্তমানে প্রার্থীরা বিভিন্ন বাজার ও জনবহুল এলাকায় গিয়ে জনসংযোগ শুরু করেছেন। ভাড়াবাড়ি নিশ্চিত হওয়ার পরই পুরোদমে নির্বাচনী কার্যালয় ও প্রচার অভিযান পরিচালিত হবে বলে উভয় দল সূত্রে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *