মাদারিহাটে জয়ের লক্ষ্যে চা বলয়ে মরিয়া শাসক-বিরোধী, চা শ্রমিকদের মন জয়ে জোর প্রচার – এবেলা
এবেলা ডেস্কঃ
আলিপুরদুয়ারের মাদারিহাট বিধানসভা উপনির্বাচনে জয় ধরে রাখতে মরিয়া তৃণমূল কংগ্রেস। গত উপনির্বাচনে এই আসনে বিজেপি প্রার্থীকে ২৮ হাজারেরও বেশি ভোটে হারিয়ে জয়ী হয়েছিলেন তৃণমূলের জয়প্রকাশ টোপ্পো। এবারও সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে বিধানসভার মোট ২২৬টি বুথের মধ্যে চা বাগানের ১০৫টি বুথকে বিশেষ গুরুত্ব দিচ্ছে জোড়ফুল শিবির। গতবার এই বাগান এলাকা থেকেই ৮২টি বুথে লিড পেয়েছিল শাসকদল, যা তাদের জয়ের পথ প্রশস্ত করেছিল।
তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পো উন্নয়নের খতিয়ান তুলে ধরে চা মহল্লায় প্রচার চালাচ্ছেন। তাঁর দাবি, গত দেড় বছরে বাগান এলাকায় পানীয় জল, রাস্তা ও স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে প্রায় ১৫০ কোটি টাকা খরচ করা হয়েছে। রাজ্য সরকারের জনমুখী প্রকল্পের সুফল চা শ্রমিকরা পাচ্ছেন বলে তিনি আত্মবিশ্বাসী। অন্যদিকে, তৃণমূলের চা শ্রমিক ইউনিয়নের নেতা রবীন রাইয়ের দাবি, বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব তাদের জয়ের পথ আরও সহজ করে তুলবে।
পিছিয়ে নেই গেরুয়া শিবিরও। বিজেপি প্রার্থী লক্ষ্মণ লিম্বু চা বাগান এলাকাতেই জনসংযোগে বেশি সময় দিচ্ছেন। তাঁর মতে, উপনির্বাচন এবং বিধানসভা নির্বাচনের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা, এবং এবার চা শ্রমিকরা বিজেপির পক্ষেই রায় দেবেন। বুধবার বীরপাড়া চা বাগানে তিনি দিনভর প্রচার চালান। পাশাপাশি আরএসপি প্রার্থী সুভাষ লোহারও এদিন সিংহানিয়া চা বাগানে প্রচার চালিয়ে ত্রিমুখী লড়াইয়ের মেজাজ বজায় রেখেছেন।

