মাধ্যমিক পরীক্ষার মাঝেই প্রসব যন্ত্রণা! স্কুলের শৌচালয়ে সন্তান জন্ম দিল দশম শ্রেণির ছাত্রী – এবেলা
এবেলা ডেস্কঃ
February 27, 202610:05 am
মধ্যপ্রদেশের ধর জেলার পীথামপুরে বোর্ড পরীক্ষা চলাকালীন এক অভাবনীয় এবং চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। মঙ্গলবার যখন স্কুলজুড়ে দশম শ্রেণির গণিত পরীক্ষা চলছিল, ঠিক সেই সময় এক নাবালিকা পরীক্ষার্থীর তীব্র প্রসব বেদনা শুরু হয়। যন্ত্রণায় কাতর ছাত্রীটি শৌচালয়ে গেলে সেখানেই সে একটি সন্তানের জন্ম দেয়। এই ঘটনায় স্কুল চত্বরে তীব্র উত্তেজনা ও শোরগোল পড়ে যায়। পরিস্থিতি বেগতিক দেখে স্কুল কর্তৃপক্ষ দ্রুত ১০৮ অ্যাম্বুলেন্স এবং স্থানীয় পুলিশকে খবর দেয়।
মা ও নবজাতকের শারীরিক অবস্থা
বর্তমানে নাবালিকা ছাত্রী এবং তার সদ্যোজাত সন্তান পীথামপুরের কমিউনিটি হেলথ সেন্টারে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ প্রশান্ত কাজওয়ে জানিয়েছেন, দুপুর ২টোর দিকে তাদের হাসপাতালে আনা হয়েছিল। বর্তমানে মা ও শিশু উভয়েই সুস্থ আছে এবং চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছে। স্কুল কর্মীদের বয়ান অনুযায়ী, গত ২৪ ফেব্রুয়ারিও ওই ছাত্রীটি পরীক্ষা দিতে এসেছিল, কিন্তু তখন তার আচরণ বা শারীরিক অবস্থায় অস্বাভাবিক কিছু লক্ষ্য করা যায়নি।
নেপথ্যে এক মর্মান্তিক কাহিনি
পুলিশ আধিকারিক চাঁদনি সিঙ্গার জানিয়েছেন, ঘটনার গুরুত্ব বিবেচনা করে ইতিমধ্যেই একটি ‘জিরো এফআইআর’ দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নাবালিকা জানিয়েছে, গত দুই বছর ধরে এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কের জেরেই সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। লোকলজ্জার ভয়ে বিষয়টি সে পরিবারের কাছ থেকে সম্পূর্ণ গোপন রেখেছিল।
পরবর্তীতে শারীরিক পরিবর্তন দেখে মা-বাবার সন্দেহ হলে তারা চিকিৎসকের শরণাপন্ন হন। তবে ততক্ষণে অনেকটা সময় অতিবাহিত হয়ে যাওয়ায় চিকিৎসকরা গর্ভপাতের ঝুঁকি নিতে মানা করেন। পরিস্থিতির চাপে বাধ্য হয়েই অন্তঃসত্ত্বা অবস্থায় পরীক্ষায় বসতে হয়েছিল তাকে। পুলিশ বর্তমানে সেই অভিযুক্ত যুবকের সন্ধানে তল্লাশি শুরু করেছে, যে ওই নাবালিকাকে লালসার শিকার বানিয়েছিল। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

