মানিকতলায় তাপস রায়ের ‘শুদ্ধিযজ্ঞ’: ৪ লক্ষ ভুয়ো ভোটার বর্জনে কি এবার তৃণমূলের লঙ্কাদহন? – এবেলা
এবেলা ডেস্কঃ
২০২৬-এর বিধানসভা নির্বাচনের রণদামামা বাজতেই উত্তর কলকাতার মানিকতলায় রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। গত লোকসভা নির্বাচনে ৯২ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হওয়া প্রবীণ রাজনীতিক তাপস রায়কে এবার এই কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি। প্রার্থী পদ পাওয়ার পরেই তাপস রায় শাসকদলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন। তাঁর দাবি, নির্বাচন কমিশনের শুদ্ধিকরণ প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে প্রায় ৪ লক্ষ ভুয়ো ও অবৈধ নাম বাদ দেওয়া হয়েছে, যা তৃণমূলের প্রধান শক্তি ছিল।
বিজেপি শিবিরের দাবি, এই বিশাল সংখ্যক ভুয়ো ভোটাররাই ছিল শাসকদলের নির্বাচনী বৈতরণী পার হওয়ার মূল কারিগর। তাপস রায়ের মতে, গত নির্বাচনে পুলিশের ভূমিকা ও দুষ্কৃতী তাণ্ডবের মাধ্যমে যে জয় এসেছিল, এবার স্বচ্ছ ভোটার তালিকায় তা আসাম্ভব। লোকসভা নির্বাচনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্ষেপ এবং প্রশাসনের ‘মনিটরিং’ ব্যবস্থাকে কটাক্ষ করে তিনি প্রশ্ন তুলেছেন, অদৃশ্য এই ‘ভুতুড়ে’ ভোটারদের বিদায়ের পর তৃণমূল এখন কার ওপর ভরসা করবে?
তৃণমূল কংগ্রেস যখন প্রয়াত সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডেকে প্রার্থী করে সহানুভূতির হাওয়ায় জয়ের স্বপ্ন দেখছে, তখন বিজেপি ‘শুদ্ধিকরণ’-এর লড়াইকে হাতিয়ার করেছে। লড়াইটি এখন কেবল ব্যালটের নয়, বরং রাজনৈতিক সংস্কৃতি পুনরুদ্ধারের। ৪ লক্ষ অবৈধ ভোটারহীন এক স্বচ্ছ ময়দানে দাঁড়িয়ে তাপস রায় উত্তর কলকাতার না-পাওয়া যন্ত্রণাকে ২০২৬-এর বিজয়ে রূপান্তর করতে মরিয়া। মানিকতলায় পদ্মশিবিরের এই শুদ্ধিযজ্ঞের ফল কী হয়, তার অপেক্ষায় এখন গোটা বাংলা।

