মার্কিন রণতরীতে ইরানের চূড়ান্ত হুমকি, ধ্বংসের মুখে কী?

হরমুজ প্রণালী ও এর পার্শ্ববর্তী গুরুত্বপূর্ণ জলপথ ঘিরে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, তাদের অভিযানের ফলে ইরানের বন্দরগুলো অবরুদ্ধ হয়েছে এবং গত ৩৬ ঘণ্টায় ইরানের সঙ্গে সমস্ত সামুদ্রিক বাণিজ্য বিচ্ছিন্ন করা সম্ভব হয়েছে। তবে ইরানের সর্বোচ্চ নেতার সামরিক পরামর্শদাতা মোহসেন রেজাই মার্কিন এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও ব্যর্থ বলে উড়িয়ে দিয়ে জানিয়েছেন, যেকোনো অবরোধের চেষ্টা মোকাবিলা করতে ইরানের সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে।
ইরানি কমান্ডার মোহসেন রেজাই সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালীতে মার্কিন নৌসৈন্য অবরোধের কোনো চেষ্টা করলে ইরান চুপ করে বসে থাকবে না। তাঁর দাবি অনুযায়ী, মার্কিন রণতরীগুলো বর্তমানে ইরানের ক্ষেপণাস্ত্রের নিশানায় রয়েছে এবং যেকোনো আগ্রাসী তৎপরতার জবাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে রণতরী ডুবিয়ে দেওয়ার সক্ষমতা তেহরানের রয়েছে। পাশাপাশি, ইসফাহানে আগ্রাসনের অভিযোগ তুলে রেজাই স্পষ্ট করেছেন যে, সুনির্দিষ্ট শর্ত পূরণ এবং রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের কার্যকর পদক্ষেপ ছাড়া যুদ্ধবিরতি বা কোনো সমঝোতায় আসার সম্ভাবনা নেই।
