মার্কিন শুল্ক নীতির প্রভাব নিয়ে এখনই মন্তব্য নয়, জানালেন নির্মলা সীতারামন
আমেরিকার নতুন শুল্ক পদক্ষেপ ভারতের অর্থনীতিতে কী প্রভাব ফেলবে, তা নিয়ে এখনই মন্তব্য করতে নারাজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি জানান, পরিবর্তিত বিশ্ব বাণিজ্য পরিস্থিতি বর্তমানে বাণিজ্য মন্ত্রক গভীরভাবে খতিয়ে দেখছে। পরিস্থিতি পর্যালোচনার পরেই পরবর্তী দফার আলোচনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি স্পষ্ট করেছেন।
সম্প্রতি মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের আমদানি শুল্কের বিরুদ্ধে রায় দেওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সব দেশের ওপর ১৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা করেছেন। এই প্রেক্ষাপটে ওয়াশিংটনে ভারত ও আমেরিকার মধ্যে নির্ধারিত উচ্চপর্যায়ের বৈঠকটি আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে। সোমবার থেকে শুরু হতে যাওয়া এই বৈঠকে অন্তর্বর্তী বাণিজ্য চুক্তির খসড়া চূড়ান্ত করার কথা ছিল।
ভারতীয় রিজার্ভ ব্যাংকের কেন্দ্রীয় পর্ষদের বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, বিশ্ববাজারে ভারতের উপস্থিতি আরও প্রসারিত করাই সরকারের মূল লক্ষ্য। আন্তর্জাতিক বাণিজ্যের পূর্ণ সুবিধা যাতে দেশের অর্থনীতি পায়, সেই লক্ষে কাজ চলছে। বর্তমানে বাণিজ্য মন্ত্রকের যুগ্ম সচিব দর্পণ জৈনের নেতৃত্বাধীন প্রতিনিধি দল পরিস্থিতি বিচার করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।

