মার্কিন হামলার খেসারত দিতে হবে আমিরাতকে! রাষ্ট্রপুঞ্জে বিস্ফোরক দাবি ইরানের – এবেলা
এবেলা ডেস্কঃ
মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুনে নয়া মাত্রা যোগ করে এবার সরাসরি সংযুক্ত আরব আমিরাতের কাছে ক্ষতিপূরণ চাইল ইরান। রাষ্ট্রপুঞ্জের মহাসচিবকে লেখা এক চিঠিতে ইরানি রাষ্ট্রদূত আমির সাঈদ ইরভানি অভিযোগ করেছেন, ইরানের ওপর হামলার সময় আমেরিকা আমিরাতের মাটি ব্যবহার করেছে। ফলে এই হামলার সমস্ত আর্থিক ও নৈতিক ক্ষতির দায়ভার এখন আমিরাতকেই নিতে হবে।
আন্তর্জাতিক রীতিনীতি লঙ্ঘনের অভিযোগ তুলে ইরান জানিয়েছে, এর আগেও জর্ডানসহ একাধিক প্রতিবেশী দেশের আকাশসীমা ও ভূমি ব্যবহার করে তাদের ওপর হামলা চালিয়েছে আমেরিকা ও ইসরায়েল। ২৮ ফেব্রুয়ারির মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়ে তেহরান স্পষ্ট করেছে যে, তাদের ভূখণ্ডে হওয়া ক্ষয়ক্ষতির জন্য আমিরাতের দায় এড়ানোর কোনো সুযোগ নেই। এই কূটনৈতিক টানাপড়েন আরব বিশ্বে নতুন করে অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে।

