মার্জিন বাড়াতে মরিয়া তৃণমূল, বারুইপুরে কাউন্সিলরদের বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশ – এবেলা
এবেলা ডেস্কঃ
গত লোকসভা নির্বাচনে বারুইপুর পুরসভার একাধিক ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পরাজয় এবং জয়ের ব্যবধান কমে যাওয়াকে কেন্দ্র করে নড়েচড়ে বসেছে জোড়াফুল শিবির। আসন্ন বিধানসভা নির্বাচনে দলের জয় নিশ্চিত করতে এবং মার্জিন বাড়াতে ওয়ার্ডে ওয়ার্ডে নিবিড় জনসংযোগের নির্দেশ দেওয়া হয়েছে। বারুইপুর পশ্চিম ব্লক ও শহর তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, কাউন্সিলর ও কর্মীদের প্রতিটি বাড়ি গিয়ে মানুষের সমস্যার কথা শুনতে হবে এবং উন্নয়নের প্রচার চালাতে হবে।
তৃণমূল নেতৃত্বের দাবি, ১৭টি ওয়ার্ডেই জয়ের ব্যাপারে তারা আশাবাদী এবং জনসংযোগের মাধ্যমেই শহরের ফলাফলে পরিবর্তন আনা সম্ভব। বিশেষ করে ১, ২, ৪, ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডে যেখানে পরাজয় ঘটেছিল, সেখানে বারবার যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দলীয় প্রার্থী বিমান বন্দ্যোপাধ্যায়ের জয়ের ব্যবধান যাতে কোনোভাবেই না কমে, সেই লক্ষ্যেই কর্মীরা এখন কোমর বেঁধে মাঠে নামছেন।
অন্যদিকে, শাসক শিবিরের এই তৎপরতাকে তীব্র কটাক্ষ করেছে বিরোধী সিপিএম ও বিজেপি। বিরোধীদের দাবি, রাস্তাঘাটের বেহাল দশা, পানীয় জলের সমস্যা এবং কাউন্সিলরদের ব্যবহারে সাধারণ মানুষ অতিষ্ঠ। ফলে হাজারো জনসংযোগ সত্ত্বেও তৃণমূলের ভোট বাড়বে না বলে পালটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিরোধী প্রার্থীরা। উন্নয়নের নিরিখে শহরের মানুষ যোগ্য জবাব দেবেন বলে আত্মবিশ্বাসী বিরোধীরা।

