লেটেস্ট নিউজ

মালদহে কোটি টাকার ‘লাভ ড্রাগস’ উদ্ধার, পুলিশের জালে দুই আন্তর্জাতিক পাচারকারী

উত্তরবঙ্গের মালদহ জেলায় এই প্রথম উদ্ধার হলো আন্তর্জাতিক মানের বিরল মাদক এমডিএমএ (MDMA), যা অপরাধ জগতে ‘লাভ ড্রাগস’ বা ‘মলি’ নামে পরিচিত। রবিবার গভীর রাতে কালিয়াচক থানার পুলিশ অভিযান চালিয়ে প্রায় ৪৫৩ গ্রাম মাদকসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে। ধৃতরা হলো মহম্মদ সামাউল হক ও মোবারক হোসেন। উদ্ধার হওয়া এই মাদকের বর্তমান বাজারমূল্য এক কোটি টাকারও বেশি।

পুলিশি তদন্তে জানা গেছে, মূলত রেভ পার্টি এবং উচ্চবিত্তদের নেশার আসরে এই ঘাতক মাদক ব্যবহৃত হয়। সাধারণ ব্রাউন সুগারের তুলনায় এর দাম অন্তত ছয় গুণ বেশি। প্রাথমিক অনুমান, মেক্সিকো বা কলম্বিয়া থেকে বাংলাদেশ সীমান্ত হয়ে এই মাদক কালিয়াচকে প্রবেশ করেছিল। ধৃতদের পরিকল্পনা ছিল ঝাড়খণ্ডের রাঁচি কিংবা নেপালে এই বিপুল পরিমাণ মাদক পাচার করা।

মালদহ জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, বছরের শুরুতে এটি একটি বড় সাফল্য। বড় শহরের পার্টিতে ব্যবহৃত এই দামি মাদকের হদিস মালদহে এই প্রথম মিলল। এই চক্রের মূল শিকড় এবং আন্তর্জাতিক যোগসূত্র খতিয়ে দেখছে পুলিশ। পাচারকারীদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই সিন্ডিকেটের বাকি সদস্যদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *