লেটেস্ট নিউজ

মালদহে নার্সিং হোমে চাকরির নামে কোটি কোটি টাকার মহাপ্রতারণা – এবেলা

এবেলা ডেস্কঃ

NEWS DESK : মালদহে একটি বেসরকারি নার্সিং হোমের বিরুদ্ধে চাকরির টোপ দিয়ে কয়েক হাজার যুবক-যুবতীর কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার বিস্ফোরক অভিযোগ উঠেছে। মালদহ মিশন হাসপাতাল নামক ওই প্রতিষ্ঠানটি ২০২৫ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর নার্সিং, টেকনিশিয়ান এবং সিকিউরিটিসহ বিভিন্ন পদে সাড়ে চার হাজার শূন্যপদের বিজ্ঞাপন দেয়। অভিযোগ, এই বিপুল কর্মসংস্থানের সুযোগ কাজে লাগিয়ে ইন্টারভিউ ও ইউনিফর্মের নাম করে প্রার্থীদের কাছ থেকে জনপ্রতি ৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত আদায় করা হয়েছে।

প্রতারিতদের দাবি, মাসের পর মাস পেরিয়ে গেলেও কাউকে কাজে যোগ দিতে দেওয়া হয়নি। টাকা ফেরত চাইতে গেলে নার্সিং হোম কর্তৃপক্ষ নাজিউল সেখ ও তাঁর বোনের পক্ষ থেকে উল্টে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। রাজ্যজুড়ে ছড়িয়ে থাকা কয়েক হাজার বেকার যুবক-যুবতী এই চক্রের ফাঁদে পড়ে সর্বস্ব খুইয়েছেন। ঘটনার গুরুত্ব বুঝে বিক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা এখন প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছেন।

চরম সংকটে পড়া এই প্রার্থীরা কালিয়াচক থানায় অভিযোগ জানাতে গেলেও পুলিশ তাঁদের ফিরিয়ে দিয়েছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। ন্যায়বিচারের আশায় শেষ পর্যন্ত জেলাশাসকের দ্বারস্থ হয়েছেন প্রতারিতরা। জেলাশাসক বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। তবে এই বিপুল অঙ্কের আর্থিক কেলেঙ্কারি নিয়ে অভিযুক্ত নার্সিং হোম কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *