মালদহের পঞ্চাননের হাতযশ, অল্প খরচে সাবেকি তাঁত এখন স্বয়ংক্রিয় পাওয়ার লুম – এবেলা
এবেলা ডেস্কঃ
প্রথাগত তাঁত বোনার কঠিন পরিশ্রম থেকে মুক্তি পেতে অভিনব পথ দেখালেন মালদহের সাহাপুর অঞ্চলের তাঁতি পাড়ার বাসিন্দা পঞ্চানন দাস। নিজের মেধা ও কারিগরি দক্ষতাকে কাজে লাগিয়ে সাধারণ হাতের তাঁতকে তিনি রূপান্তর করেছেন বৈদ্যুতিক পাওয়ার লুমে। তাঁর এই উদ্ভাবন এখন জেলার অন্যান্য তাঁতিদের কাছে নতুন আশার আলো হয়ে দাঁড়িয়েছে।
সাধারণত পাওয়ার লুম কিনতে বিপুল অর্থের প্রয়োজন হয়, যা সাধারণ তাঁত শিল্পীদের সাধ্যের বাইরে। পঞ্চানন বাবু সেই সমস্যার সমাধান করেছেন সস্তায়। বৈদ্যুতিন মোটর ও বিভিন্ন ছোটখাটো যান্ত্রিক উপকরণের সমন্বয়ে তিনি নিজের তাঁত যন্ত্রটিকে স্বয়ংক্রিয় করে তুলেছেন। এর ফলে পরিশ্রম যেমন কমেছে, তেমনই দ্বিগুণ হয়েছে উৎপাদন।
পঞ্চানন দাস জানান, আগে যেখানে নির্দিষ্ট সময়ে ১০টি কাপড়ের থান তৈরি করা যেত, এখন সেখানে অনায়াসেই ২০টি থান তৈরি হচ্ছে। মূলত পাঞ্জাবি ও শার্ট তৈরির কাপড় বুনেই তাঁর সংসার চলে এবং বর্তমানে তাঁর মাসিক আয় প্রায় ৬ থেকে ৭ হাজার টাকা। শারীরিক কষ্ট কমিয়ে বেশি উপার্জনের এই কৌশল দেখে এলাকার অন্যান্য তাঁতিরাও উৎসাহিত হচ্ছেন। আর্থিক অনটনের কারণে যারা আধুনিক যন্ত্র কিনতে পারছিলেন না, পঞ্চানন দাসের দেখানো এই সস্তা প্রযুক্তি তাঁদের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখাচ্ছে।

