মালদা বিধানসভা ভোটে ৯৭ কোটি টাকার শিক্ষা প্রকল্পে দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় বিজেপি প্রার্থী – এবেলা
এবেলা ডেস্কঃ
মালদার বিদায়ী বিধায়ক তথা বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহার বিরুদ্ধে একলব্য আদর্শ আবাসিক বিদ্যালয় প্রকল্পের ৯৭ কোটি টাকা তছরূপের অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। অভিযোগ, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের প্রভাবে এই প্রকল্পের কাজ পেয়েছিলেন প্রার্থীর স্ত্রী জ্যোৎস্না সাহার নির্মাণ সংস্থা। ত্রিপুরার এই শিক্ষা প্রকল্পের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলে তৃণমূলের দাবি, সরকারি অর্থ নয়ছয় করা হয়েছে।
পুরাতন মালদা ব্লক তৃণমূল সভাপতি সুদীপ্ত রায় তীব্র কটাক্ষ করে জানান, বিজেপি প্রার্থী এলাকার উন্নয়নে ব্যর্থ হয়ে কেবল নিজের বিকাশ করেছেন। একই পরিবারের নামে গ্যাস ডিস্ট্রিবিউশন ও পেট্রোল পাম্পের অনুমোদন থাকা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। প্রার্থীর বিরুদ্ধে পঞ্চায়েত সমিতি ও বিধায়ক থাকাকালীন দুর্নীতির এই ইস্যুকে হাতিয়ার করে ভোটের আগে ময়দানে নেমেছে শাসকদল।
পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে সব অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা। তিনি দাবি করেন, তাঁর বিরুদ্ধে ওঠা তছরূপের কোনো প্রমাণ নেই। বিরোধীদের তোলা এই অভিযোগ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। নির্বাচনের মুখে এই কোটি টাকার দুর্নীতি মামলাকে কেন্দ্র করে বর্তমানে মালদা বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে।

