মাস্ক পরে ছদ্মবেশে থার্ড এসি ট্রেনে বিশ্বজয়ী শিবম দুবে, সন্তানদের টানে যেভাবে ফিরলেন এই ফ্যামিলি ম্যান – এবেলা
এবেলা ডেস্কঃ
বিশ্বজয়ের উদযাপনে যখন উত্তাল গোটা দেশ, তখন সম্পূর্ণ ভিন্ন মেজাজে ধরা দিলেন ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার শিবম দুবে। প্রচারের আলো থেকে দূরে থেকে স্রেফ পরিবারের টানে এক রোমাঞ্চকর অভিজ্ঞতার সাক্ষী হলেন তিনি। আহমেদাবাদ থেকে মুম্বই ফেরার জন্য বিমানের অপেক্ষা না করে সাধারণ যাত্রীর মতো ট্রেনের থার্ড এসি কামরায় চেপে বসলেন এই তারকা ক্রিকেটার। উদ্দেশ্য একটাই, দ্রুত বাড়ি ফিরে দুই সন্তান চার বছরের আয়ান ও দুই বছরের মেহউইশের মুখে হাসি ফোটানো।
মাঠে ব্যাট হাতে ২৩৫ রান এবং বল হাতে ৫ উইকেট নিয়ে ভারতের বিশ্বজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও শিবম দুবে বরাবরই নিভৃতে থাকতেই পছন্দ করেন। রবিবার রাতে মুম্বই ফেরার সরাসরি বিমান না থাকায় তিনি সড়কপথের বদলে ট্রেনকেই বেছে নেন। তবে ভয় ছিল ভক্তদের ভিড় নিয়ে। ট্রেনের ভেতর কেউ চিনে ফেললে পরিস্থিতি সামলানো কঠিন হতে পারে ভেবেই স্ত্রী অঞ্জুমের সঙ্গে ছদ্মবেশ ধারণের পরিকল্পনা করেন তিনি।
নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে শিবম বলেন, সাধারণ মানুষের নজর এড়াতে তিনি মাথায় টুপি, মুখে মাস্ক এবং ফুল হাতা টি-শার্ট পরেছিলেন। ভোর ৫টা ১০ মিনিটের ট্রেন ধরার জন্য স্টেশনের বাইরে গাড়িতে অপেক্ষা করছিলেন তিনি। ট্রেন ছাড়ার মাত্র পাঁচ মিনিট আগে স্ত্রীর সংকেত পেয়ে দ্রুত কামরায় উঠে পড়েন। শিবমের কথায়, প্ল্যাটফর্মে যথেষ্ট ভিড় থাকলেও এই ছদ্মবেশের কারণে কেউ তাঁকে চিনতে পারেনি। এমনকি মুম্বই পৌঁছানোর আগে পুলিশকে বিষয়টি জানানো হলে তারাও অবাক হয়ে যায় যে, একজন বিশ্বজয়ী ক্রিকেটার বিমানে না এসে সাধারণ ট্রেনে ফিরছেন। সব বাধা পেরিয়ে অবশেষে সন্তানদের কাছে পৌঁছাতে পেরে তৃপ্ত এই ‘ফ্যামিলি ম্যান’।

