মাহেশে শুরু জগন্নাথ দেবের নবযৌবন উৎসব, এই উৎসব কেন পালন করা হয় জানেন? – এবেলা

 মাহেশে শুরু জগন্নাথ দেবের নবযৌবন উৎসব, এই উৎসব কেন পালন করা হয় জানেন? – এবেলা

এবেলা ডেস্কঃ

রথযাত্রার ঠিক আগের দিন বাংলার প্রাচীনতম রথক্ষেত্র মাহেশে মহাসমারোহে পালিত হচ্ছে ৬৩০ বছরের ঐতিহ্যবাহী ‘নবযৌবন উৎসব’। স্নানযাত্রার পর টানা ১৫ দিন জ্বরে ভোগার পর সুস্থ হয়ে এদিনই ভক্তদের মাঝে নতুন রূপে ফিরে আসেন জগন্নাথ দেব।

কেন পালিত হয় এই উৎসব? লোকবিশ্বাস অনুযায়ী, স্নানযাত্রায় অত্যাধিক স্নানের ফলে মহাপ্রভুর কাঁপুনি দিয়ে জ্বর আসে। এরপর টানা ১৫ দিন তিনি ‘অনবসর’ বা বিশ্রামে থাকেন। ১৫ দিন পর তিনি যখন সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন, সেই বিশেষ দিনটিকেই ‘নবযৌবন উৎসব’ হিসেবে পালন করা হয়।

কীভাবে পালিত হয় এই দিনটি? এই পবিত্র দিনে মহাপ্রভুকে ৫৬ রকম ভোগ নিবেদন করা হয়। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে বিশেষ অলঙ্কার পরিয়ে ‘রাজবেশে’ সাজিয়ে তোলা হয়। এদিন সকাল ৭টা বাজতেই মন্দিরের মূল ফটক ও গর্ভগৃহের দরজা পুণ্যার্থীদের দর্শনের জন্য খুলে দেওয়া হয়। পুরীর জগন্নাথ মন্দিরেও ঠিক একইভাবে এই দিনটিতে উৎসব পালিত হয়।

রথযাত্রার প্রস্তুতি ও চাঁদের হাট: নবযৌবন লাভের ঠিক পরের দিনই মাসির বাড়ির উদ্দেশে রথে চেপে রওনা দেন জগন্নাথ দেব। মাহেশের এই ঐতিহাসিক নবযৌবন উৎসবে সাধারণ পুণ্যার্থীদের পাশাপাশি এদিন সকাল থেকেই ভিড় জমান রাজ্যের মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য, ব্যারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচী এবং চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ-সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। রথযাত্রাকে কেন্দ্র করে মাহেশে এখন চূড়ান্ত উন্মাদনা ও সাজসাজ রব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *