মিড ডে মিলের চিরাচরিত রুটিন উধাও! ফ্রায়েড রাইস-চিকেন কষায় এলাহি ভোজে মাতল দুই স্কুলের ৫০০ পড়ুয়া – এবেলা

এবেলা ডেস্কঃ
রোজকার গতানুগতিক ভাত-ডাল বা খিচুড়ির একঘেয়েমি কাটিয়ে মিড ডে মিলের মেনুতে এল বড় চমক। অনুষ্ঠান বাড়ির মতো লোভনীয় মেনুতে পেটপুজো সারল দুই স্কুলের পড়ুয়ারা। রঘুনাথগঞ্জ-২ ব্লকের ৩৩ নম্বর জোতকমল এবং ৯০ নম্বর জোতকমল-২ প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত হয় এই বিশেষ ‘তিথিভোজন’। দুই স্কুলেরই দুই শিক্ষক-শিক্ষিকার ছেলেমেয়ের জন্মদিন উপলক্ষে এই দারুণ আয়োজন করা হয়।
বিশেষ এই আয়োজনের পেছনের গল্প পাশাপাশি অবস্থিত এই দুই বিদ্যালয়ের ৩৩ নম্বর জোতকমল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশিফ ইকবালের মেয়ে আসিফা সুলতানা এবং ৯০ নম্বর জোতকমল-২ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সঞ্চিতা কর্মকারের ছেলে সৃজিৎ কর্মকারের জন্মদিন ছিল সম্প্রতি। সেই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে শুক্রবার এই তিথিভোজনের আয়োজন করা হয়।
কী ছিল এলাহি মেনুতে? শুধু খাওয়া-দাওয়া নয়, কেক কাটা এবং স্কুল প্রাঙ্গণে নাচ-গানে মেতে ওঠে খুদেরা। দুই স্কুলের প্রায় ৫০০ জন ছাত্রছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকারা এই আনন্দে অংশ নেন। এদিনের মেনুতে ছিল তাক লাগানো আয়োজন—ঝরঝরে ফ্রায়েড রাইস, মচমচে আলুভাজা, সুস্বাদু আলু পটলের তরকারি, জিভে জল আনা চিকেন কষা, চাটনি, টকদই এবং মিষ্টি।
কী বলছেন শিক্ষক-শিক্ষিকারা? উদ্যোক্তা শিক্ষক-শিক্ষিকারা আনন্দের সঙ্গে জানান, “ছাত্রছাত্রীরা আমাদের কাছে নিজের সন্তানের মতোই। তাই ছেলেমেয়ের জন্মদিনের এই বিশেষ আনন্দ স্কুলের সব বাচ্চাদের সঙ্গে ভাগ করে নিলাম। শিশুরা সবাই আজ দারুণ আনন্দ করেছে।”
এদিনের এই বিশেষ আয়োজনে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা দফতরের মিড ডে মিল বিভাগের মুখ্য আধিকারিকসহ বিশিষ্টজনেরা। তাঁদের মতে, পড়ুয়াদের পড়াশোনার পাশাপাশি মাঝে মাঝে এমন পুষ্টিগুণসমৃদ্ধ এবং নতুন স্বাদের খাবার খাওয়ানো একান্ত প্রয়োজন। পাশাপাশি, স্কুলের পঠনপাঠনের মান আরও উন্নত করার আশ্বাসও দেওয়া হয়েছে।
