মুখ্য নির্বাচন কমিশনারের ইস্তফার দাবি, বিক্ষোভ দমনে মেগা কৌশল মোদি সরকারের – এবেলা

এবেলা ডেস্কঃ
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দেশজুড়ে চলা বিক্ষোভ মোকাবিলায় বহুমুখী রণকৌশল গ্রহণ করেছে কেন্দ্র। এই আন্দোলনকে দুর্বল করতে আপাতত ধৈর্যশীল নীতি নেওয়ার পাশাপাশি সুনির্দিষ্ট পরিকল্পনা প্রস্তুত করেছে নরেন্দ্র মোদি সরকার। সরকারের নীতিনির্ধারকদের পরিকল্পনা অনুযায়ী, ছাত্রসমাজ বা জেন-জি বিক্ষোভকারীদের প্রতি কঠোর মনোভাব এড়িয়ে চলা হবে। পাশাপাশি, সাধারণ মানুষের ভোগান্তি এড়াতে এবং গণতান্ত্রিক অধিকার বজায় রাখতে বিক্ষোভ প্রদর্শনের জন্য রামলীলা ময়দানের মতো বড় স্থান নির্ধারণ করা হয়েছে। তবে রাজনৈতিক দল ও ইন্ডি জোটের আন্দোলনের ক্ষেত্রে কঠোর পদক্ষেপ করবে দিল্লি পুলিশ।
অন্যদিকে, সোশাল মিডিয়াকে হাতিয়ার করে বিরোধীদের বিরুদ্ধে পালটা বয়ান বা ন্যারেটিভ তৈরির কাজ শুরু হয়েছে। রাহুল গান্ধীকে আন্দোলনের প্রধান মুখ হিসেবে তুলে ধরে আক্রমণ শাণিত করার নির্দেশ দেওয়া হয়েছে দলের আইটি সেলকে। একইসঙ্গে রাজনৈতিক দলগুলির দ্বিমুখী নীতি ও অরাজকতার প্রসঙ্গ তুলে ধরে জনমত নিজেদের পক্ষে টানতে চাইছে শাসকদল। বিজেপির স্পষ্ট অবস্থান, নির্বাচন কমিশন সম্পর্কিত এই অভিযোগের জবাব কমিশনকেই দিতে হবে এবং সাংবিধানিক নিয়ম মেনেই ইমপিচমেন্ট ছাড়া এই পদ থেকে অপসারণ সম্ভব নয়।
