মুর্শিদাবাদে কবরের জমিতে ঘর তোলা নিয়ে বিবাদ, ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ
মুর্শিদাবাদের জলঙ্গি থানার ঘোষপাড়া পঞ্চায়েতের ফরাজিপাড়া এলাকায় কবরের জমি দখল করে ঘর নির্মাণকে কেন্দ্র করে এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠেছে। বুধবার বিকেলে পৈতৃক সম্পত্তির বিবাদের জেরে আব্দুস সালাম মণ্ডল (৫৭) নামে এক ব্যক্তিকে তাঁর খুড়তুতো ভাই আনোয়ার মণ্ডল কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেন বলে অভিযোগ। জানা গেছে, পৈতৃক কবরস্থানের জমিতে আনোয়ার আবাস যোজনার ঘর তৈরির চেষ্টা করলে আব্দুস সালাম বাধা দেন, যা থেকে সংঘর্ষের সূত্রপাত হয়।
স্থানীয় সূত্রে খবর, কবরের ওই জমির বিনিময়ে আনোয়ারকে আগেই বিকল্প জমি দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও তিনি জোরপূর্বক কবরস্থানের মাটি কাটতে শুরু করলে দুই ভাইয়ের মধ্যে তীব্র বচসা বাধে। উত্তেজনার একপর্যায়ে আনোয়ার হাতের কাছে থাকা কোদাল দিয়ে সালামের মাথায় সজোরে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই সালামের মৃত্যু হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত আনোয়ার মণ্ডল পলাতক।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি টহল জোরদার করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে জলঙ্গি থানার পুলিশ। ডোমকলের এসডিপিও শুভম বাজাজ জানিয়েছেন, অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। প্রতিবেশীদের দাবি, সামাজিক অনুশাসন অমান্য করে কবরের জমি দখলের প্রচেষ্টাই এই রক্তক্ষয়ী সংঘর্ষের মূল কারণ। নিহতের পরিবার অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছে।

