মুর্শিদাবাদে নাবালিকা খুনে দোষী সাব্যস্ত রাহুল: যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ আদালতের
মুর্শিদাবাদে এক নাবালিকাকে যৌন নির্যাতন ও বিষ খাইয়ে খুনের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত রাহুল হালদার ওরফে পাপ্পুকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। ২০২৩ সালের জুন মাসে আমবাগানে ডেকে নিয়ে নাবালিকাকে নির্যাতনের পর জোরপূর্বক বিষপ্রয়োগের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। গুরুত্বর অসুস্থ অবস্থায় কলকাতার এনআরএস হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন মৃত্যু হয় ওই কিশোরীর।
এই মামলার বিচার প্রক্রিয়ায় একটি মোবাইল ফোনের ভিডিও ফুটেজ এবং ফরেনসিক রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক প্রমাণ হিসেবে বিবেচিত হয়েছে। তদন্তকারীরা আদালতকে জানান, ডিজিটাল প্রমাণগুলি যথাযথভাবে সংগৃহীত এবং পরীক্ষিত ছিল। বিশেষজ্ঞ সাক্ষ্যের ভিত্তিতে আদালত নিশ্চিত হয় যে, অভিযুক্ত পরিকল্পিতভাবে ওই নাবালিকাকে শারীরিক হেনস্থা ও মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল।
নির্যাতিতার মায়ের বয়ান অনুযায়ী, ঘটনার দিন দিদিমার বাড়ি যাওয়ার পথে অভিযুক্ত তাকে ফুসলিয়ে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে যৌন নির্যাতনের পর তাকে বিষ খেতে বাধ্য করা হয়। দীর্ঘ আইনি লড়াই শেষে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় আদালত এই কঠোর সাজা ঘোষণা করেছে। স্থানীয় জনমানসে এই রায় স্বস্তি বয়ে এনেছে।

