লেটেস্ট নিউজ

মুর্শিদাবাদে রাজনৈতিক উত্তাপ: হুমায়ুন কবীরের জামাইকে পুলিশের নোটিস – এবেলা

এবেলা ডেস্কঃ

মুর্শিদাবাদের বহিষ্কৃত তৃণমূল বিধায়ক ও জেউপি প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীরের জামাই রেহান ইসলামকে মাদক মামলায় তলব করল লালগোলা থানার পুলিশ। আগামী ২৮ ফেব্রুয়ারি তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত বছর মার্চ মাসে ৫০০ গ্রাম মাদক উদ্ধারের ঘটনায় রেহান ও তার বাবা শরিফুল ইসলামের নাম জড়ায়। ইতিপূর্বে হাইকোর্টের নির্দেশে তাদের প্রায় ১০.৭৩ কোটি টাকার সম্পত্তি ফ্রিজ করা হয়েছে।

এই ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছেন হুমায়ুন কবীর। তার দাবি, জনতা উন্নয়ন পার্টি (জেউপি) গঠন করার ফলেই তার পরিবারকে টার্গেট করা হচ্ছে। বিস্ফোরক অভিযোগে তিনি জানান, তৃণমূল কংগ্রেসই রেহানকে লালগোলা বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করার প্রস্তাব দিয়েছিল। এখন দলবদল ও নতুন দল গড়ার কারণেই পুরনো মামলাকে হাতিয়ার করা হচ্ছে।

পুলিশি তদন্তে দাবি করা হয়েছে, অভিযুক্ত পরিবারের বিপুল সম্পত্তি মাদক পাচারের অর্থ দিয়ে অর্জিত। তবে হুমায়ুন কবীরের মেয়ে নাজমা সুলতানা একে রাজ্য সরকারের সুপরিকল্পিত ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন। ২০২৬-এর নির্বাচনের আগে মুর্শিদাবাদে রাজনৈতিক সমীকরণ বদলের এই আবহে পুলিশি তৎপরতা ঘিরে তীব্র শোরগোল শুরু হয়েছে জেলাজুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *