মৃত্যুকে জয় করে শীর্ষে, তালিবানি শাসনকে বুড়ো আঙুল দেখিয়ে এভারেস্টজয়ী আফগান কন্যা জাকিয়া – এবেলা

এবেলা ডেস্কঃ
মৃত্যুর হিমশীতল আতঙ্ক পেরিয়ে এভারেস্ট জয়, আফগান কন্যার অদম্য সাহসের গল্প!
তালিবানি নিষেধাজ্ঞা, গৃহযুদ্ধ এবং ব্যক্তিগত ট্র্যাজেডি—সমস্ত বাধা পেরিয়ে ইতিহাস গড়েছেন জাকিয়া আহমেদ। গত ২১ মে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় পা রেখে প্রথম আফগান নারী হিসেবে এক নতুন মাইলফলক স্থাপন করেছেন তিনি। পর্বত অভিযানটি তার কাছে কেবল একটি জয়ের নেশা ছিল না, বরং এটি ছিল চরম প্রতিকূলতার বিরুদ্ধে টিকে থাকার এক দীর্ঘ লড়াই। শৈশবে কঠোর সামাজিক বিধিনিষেধের বেড়াজালে বড় হলেও, জাকিয়া তার অদম্য ইচ্ছাশক্তির জোরে পড়াশোনা চালিয়ে যান এবং সাংবাদিকতার পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্কের ওপর উচ্চশিক্ষা গ্রহণ করেন।
মৃত্যুকে জয় করে পর্বতের চূড়ায়
জাকিয়ার জীবনের পথচলা ছিল কণ্টকাকীর্ণ। ২০১৪ সালে আফগানিস্তানে ভয়াবহ জঙ্গি হামলার শিকার হয়েছিলেন তিনি, যেখানে চোখের সামনে সহযাত্রীদের মৃত্যু এবং নিজে মৃত সেজে প্রাণে বাঁচার ট্রমা আজও তাড়া করে তাকে। এরপর ২০২২ সালে ছোট ভাইয়ের মর্মান্তিক মৃত্যু তাকে মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে ফেলেছিল। এই শোক থেকেই তিনি পাহাড়কে বেছে নেন বেঁচে থাকার অবলম্বন হিসেবে। ভাইয়ের আসামাপ্ত স্বপ্ন পূরণ এবং নিজের অস্তিত্বের সন্ধানেই তিনি দুর্গম আল্পস থেকে এভারেস্টের অভিযানে বেরিয়ে পড়েন।
বর্তমান তালিবান শাসিত আফগানিস্তানে যখন নারীদের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে, তখন জাকিয়ার এই জয় আফগান নারীদের জন্য নতুন আশার আলোকবর্তিকা হয়ে উঠেছে। আর্থিক অনটন, শারীরিক কষ্ট এবং মানসিক ক্ষতকে সঙ্গী করে তিনি প্রমাণ করেছেন, কঠোর অধ্যবসায় থাকলে যেকোনো আসাম্ভবকে জয় করা সম্ভব। এভারেস্টের চূড়ায় দাঁড়িয়ে তিনি বিশ্বের সমস্ত নিপীড়িত নারীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন যে, সব ধরনের বাধা পেরিয়ে নিজেদের স্বপ্ন পূরণে এগিয়ে যেতে হবে।
