মেক ইন ইন্ডিয়া প্রকল্পের বড় চমক, ১৯ হাজার কোটির বন্দে মেট্রো লোকাল ট্রেন আসছে কবে? – এবেলা

এবেলা ডেস্কঃ
‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের আওতায় যাত্রী পরিষেবায় যুক্ত হতে চলেছে অত্যাধুনিক ‘বন্দে মেট্রো’ এসি লোকাল ট্রেন। মুম্বই রেলওয়ে বিকাশ কর্পোরেশনের ঘোষণা অনুযায়ী, দেশীয় প্রযুক্তিতে নির্মিত ১২ কোচ বিশিষ্ট ২৩৮টি ট্রেনের জন্য ১৯,২৯৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২০২৭ সালেই রেলের পাতে প্রথম বন্দে মেট্রো নামানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরপর ধাপে ধাপে কাজ সম্পন্ন করে ২০৩০ সালের মধ্যে সম্পূর্ণ বহরটি যাত্রী পরিষেবায় যুক্ত করার পরিকল্পনা রয়েছে রেল কর্তৃপক্ষের।
এই উচ্চাভিলাষী প্রকল্পের আওতায় চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি, পাঞ্জাবের কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরি এবং উত্তরপ্রদেশের রায়বরেলির মর্ডান কোচ ফ্যাক্টরিতে ট্রেনগুলি তৈরি করা হবে। মুম্বই আরবান ট্রান্সপোর্ট প্রজেক্টের অংশ হিসেবে এই ট্রেনগুলোর রক্ষণাবেক্ষণের দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। দরপত্রের শর্তানুযায়ী, ট্রেন সরবরাহের পাশাপাশি নতুন ডিপো স্থাপন, বিদ্যমান রক্ষণাবেক্ষণ কেন্দ্রের আধুনিকীকরণ এবং আগামী ৩৫ বছর পর্যন্ত সামগ্রিক রক্ষণাবেক্ষণের দায়িত্বও সংশ্লিষ্ট সংস্থাকে বহন করতে হবে। দ্রুতগতির এবং আরামদায়ক এই পরিষেবা নগর পরিবহণ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।
