মেক্সিকোর সংঘর্ষে ভারতীয়দের সতর্কবার্তা, জারি হলো জরুরি অ্যাডভাইজারি
মাদক সম্রাট নেমেসিও রুবেন ওসেগুয়েরা সার্ভান্তেস ওরফে ‘এল মাঞ্চো’-র মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে মেক্সিকো। কুখ্যাত ‘জালিস্কো নিউ জেনারেশন কার্টেল’-এর এই নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই দেশটির বিভিন্ন প্রান্তে সশস্ত্র গোষ্ঠীগুলো তাণ্ডব শুরু করেছে। বিশেষ করে জালিস্কো, গুয়ানাজুয়াতো এবং মিচোয়াকানসহ একাধিক প্রদেশে অগ্নিসংযোগ, রাস্তা অবরোধ ও বন্দুকধারীদের দৌরাত্ম্যে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে মেক্সিকোতে বসবাসরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তার স্বার্থে বিশেষ সতর্কতা জারি করেছে ভারত সরকার। সেখানে অবস্থিত ভারতীয় দূতাবাস সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রবাসীদের ভিড় এড়িয়ে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে। বিশেষ করে উপদ্রুত এলাকাগুলোতে অবস্থানরত ভারতীয়দের স্থানীয় সংবাদমাধ্যমের খবরের ওপর নজর রাখতে এবং যেকোনো জরুরি প্রয়োজনে স্থানীয় ৯১১ নম্বরে যোগাযোগের নির্দেশ দেওয়া হয়েছে।
দূতাবাসের পক্ষ থেকে ভারতীয়দের নিজেদের অবস্থান সম্পর্কে পরিবার ও বন্ধুদের নিয়মিত অবহিত রাখতে বলা হয়েছে। যেকোনো ধরনের সহায়তার জন্য একটি হেল্পলাইন নম্বর (+৫২-৫৫-৪৮৪৭-৭৫৩৯) চালু করা হয়েছে। মেক্সিকো প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কায় ভারতীয় নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।

