মেট্রো বিভ্রাটে মিলবে রেহাই: ব্লু লাইনে চালু হলো অত্যাধুনিক ব্যাটারি ব্যবস্থা – এবেলা
এবেলা ডেস্কঃ
February 26, 202610:47 am
কলকাতা মেট্রোর ব্লু লাইনে যাত্রী সুরক্ষা নিশ্চিতে চালু হলো ‘ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম’ (BESS)। বুধবার সেন্ট্রাল স্টেশনে মেট্রোর জেনারেল ম্যানেজার শুভ্রাংশুশেখর মিশ্র এই নতুন ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর ফলে সুড়ঙ্গে হঠাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলেও যাত্রীদের আর দীর্ঘক্ষণ আটকে থাকতে হবে না।
এই ব্যাক-আপ ব্যবস্থার মাধ্যমে বিদ্যুৎ বিভ্রাটের সময় মেট্রোর রেকটি ব্যাটারি শক্তিতে ঘণ্টায় সর্বোচ্চ ৫৫ কিলোমিটার গতিতে নিকটবর্তী স্টেশনে পৌঁছে যাবে। ফলে মাঝপথে যাত্রীদের আটকে পড়ার ঝুঁকি কমবে এবং সুড়ঙ্গের ভেতরে বায়ু চলাচল ব্যবস্থাও স্বাভাবিক থাকবে। এতে দমবন্ধ হওয়ার মতো পরিস্থিতি এড়ানো সম্ভব হবে।
দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত বিস্তৃত ব্লু লাইনের ১৭ কিলোমিটার ভূগর্ভস্থ পথে এই পরিষেবা কার্যকর করা হয়েছে। পূর্ব ভারতে এবং ভারতীয় রেলে এই প্রথম এমন প্রযুক্তির প্রয়োগ ঘটল। ১৪ বছর মেয়াদী এই নতুন ব্যবস্থা নিয়মিত যান্ত্রিক গোলযোগ ও বিদ্যুৎ বিভ্রাটজনিত জনভোগান্তি অনেকটাই লাঘব করবে।

