লেটেস্ট নিউজ

মেডিক্যাল কলেজে পরিষেবা অমিল, ব্লক হাসপাতালেই প্রাণ বাঁচল বেলুন নাকে ঢোকা শিশুর – এবেলা

এবেলা ডেস্কঃ

কোচবিহারের পুণ্ডিবাড়ি এলাকার দুই বছর নয় মাসের এক শিশুর নাকে বেলুন ঢুকে যাওয়ায় চরম বিপত্তি ঘটে। শ্বাসকষ্ট শুরু হওয়ায় আতঙ্কিত পরিবার তাকে প্রথমে পুণ্ডিবাড়ি স্বাস্থ্যকেন্দ্র এবং পরে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজে নিয়ে যায়। অভিযোগ, সেখানে এক্স-রে হলেও উপযুক্ত চিকিৎসা না দিয়ে শিশুকে অন্যত্র স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়। এমনকি একটি বেসরকারি হাসপাতাল অস্ত্রোপচারের জন্য মোটা টাকা দাবি করলে দিশেহারা হয়ে পড়ে পরিবারটি।

অবশেষে এক আত্মীয়র মাধ্যমে যশোডাঙা গ্রামীণ হাসপাতালের চিকিৎসক প্রণব মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁর পরামর্শে শিশুটিকে সেখানে নিয়ে আসা হলে গ্রামীণ হাসপাতালেই সফল অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকদের প্রচেষ্টায় শিশুর নাক থেকে বেলুনের টুকরোটি বের করা সম্ভব হয়েছে। বর্তমানে শিশুটি সম্পূর্ণ সুস্থ এবং বিপন্মুক্ত বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

ব্লক স্বাস্থ্য আধিকারিক অর্পণ বিশই জানান, এটি খুব বড় অস্ত্রোপচার না হলেও সময়মতো চিকিৎসা জরুরি ছিল। মেডিক্যাল কলেজে কেন পরিষেবা মেলেনি সে বিষয়ে স্পষ্ট কিছু না জানালেও, গ্রামীণ হাসপাতালের এই সাফল্যে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে শিশুর পরিবার। সাধারণ ব্লক হাসপাতালের এই তৎপরতা ও মানবিক চিকিৎসা পরিষেবা বর্তমানে স্থানীয় মহলে বেশ প্রশংসিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *