লেটেস্ট নিউজ

মেদিনীপুরে ভয়াবহ পথদুর্ঘটনা: ডিউটি সেরে ফেরার পথে শিক্ষিকা ও চালকের মৃত্যু

পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালি থানার বনপুরা এলাকায় ট্রাক ও চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক স্কুলশিক্ষিকা ও গাড়িচালকের। মৃত শিক্ষিকার নাম রূপা প্রামাণিক (৪৩) এবং চালক শেখ আবু নাসের। মঙ্গলবার দুপুরে মেদিনীপুর-কেশপুর রাজ্য সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। রূপা দেবী কেশপুর গার্লস হাই স্কুলের ইংরেজি শিক্ষিকা ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুন্ডুলিকা হাই স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ডিউটি সেরে রূপা দেবী সহকর্মীর সঙ্গে বাড়ি ফিরছিলেন। পথে একটি দ্রুতগামী ঘাতক ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের গাড়িটিতে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় শিক্ষিকার এক সহকর্মীসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও চালক ও খালাসি পলাতক। দুর্ঘটনার জেরে রাজ্য সড়কে দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয় এবং স্থানীয়রা প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশি তল্লাশি জারি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *