লেটেস্ট নিউজ

মেয়াদোত্তীর্ণ ভিসা নিয়ে কলকাতায় আত্মগোপন, বাংলাদেশি গায়ক-সহ গ্রেপ্তার ৬ – এবেলা

এবেলা ডেস্কঃ

বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার জেরে প্রাণভয়ে সীমান্ত পেরিয়ে কলকাতায় আশ্রয় নেওয়া ছয় বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল পার্ক স্ট্রিট থানার পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন আজম মোল্লা নামে এক বাংলাদেশি গায়ক। গত বছর রাজনৈতিক অশান্তি থেকে বাঁচতে তাঁরা পৃথকভাবে ভারতে প্রবেশ করেন। প্রত্যেকের কাছেই বৈধ পাসপোর্ট থাকলেও ভারতে থাকার জন্য ব্যবহৃত মেডিক্যাল ভিসার মেয়াদ গত জানুয়ারি মাসেই শেষ হয়ে গিয়েছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা কলকাতার কলিন স্ট্রিট ও পার্ক স্ট্রিট এলাকার বিভিন্ন হোটেলে পরিচয় গোপন করে থাকছিলেন। নিয়মিত নথিপত্র পরীক্ষার সময় তাঁদের ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার বিষয়টি সামনে আসে। ধৃত ৬ জনই নোয়াখালি ও টাঙ্গাইল জেলার বাসিন্দা এবং তাঁরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। গ্রেপ্তারির সময় গায়ক আজম মোল্লা তাঁর গিটার ছাড়তে চাননি এবং পুলিশের কাছে গান গাওয়ার অনুরোধও জানান।

তদন্তে প্রকাশ, ধৃতরা বাংলাদেশ থেকে পালিয়ে এসে কলকাতায় কাজের সন্ধান করছিলেন এবং পরবর্তী সময়ে অন্য দেশে পাড়ি দেওয়ার পরিকল্পনা ছিল তাঁদের। সোমবার ধৃতদের ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে বিচারক তাঁদের ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। ধৃতরা বাংলাদেশে ফিরতে অনিচ্ছা প্রকাশ করলেও, আইনি প্রক্রিয়া শেষে তাঁদের নিয়ম অনুযায়ী বাংলাদেশে ‘পুশ ব্যাক’ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *