মেসি ভক্তদের জন্য বড় খবর: যুবভারতীর ৩৩ হাজার দর্শককে টিকিটের টাকা ফেরতের বড় আশ্বাস মুখ্যমন্ত্রীর! – এবেলা

মেসি ভক্তদের জন্য বড় খবর: যুবভারতীর ৩৩ হাজার দর্শককে টিকিটের টাকা ফেরতের বড় আশ্বাস মুখ্যমন্ত্রীর! – এবেলা

এবেলা ডেস্কঃ

নবান্ন: সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির অনুষ্ঠানে তৈরি হওয়া চরম বিশৃঙ্খলার ঘটনায় এবার দর্শকদের পাশে দাঁড়াল রাজ্য সরকার। সেদিনের অনুষ্ঠানে উপস্থিত ৩৩ হাজার দর্শককে টিকিটের টাকা ফেরত দেওয়ার স্পষ্ট আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, রাজ্য সরকারের ক্রীড়া বাজেট থেকেই এই অর্থ ফিরিয়ে দেওয়া হবে।

শনিবার নবান্নে হকি কিংবদন্তি মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকীতে আয়োজিত ‘জাতীয় ক্রীড়া দিবস’-এর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “লিওনেল মেসির অসংখ্য অনুরাগী ৪,০০০ এবং ৬,০০০ টাকা খরচ করে টিকিট কিনেছিলেন। আমার ইচ্ছা, সেই ৩৩,০০০ ক্রীড়াপ্রেমীর প্রত্যেককে টিকিটের টাকা ফেরত দেওয়া। এর জন্য অভ্যন্তরীণ স্তরে প্রয়োজনীয় প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে এবং দ্রুত তা সম্পন্ন করার চেষ্টা করছি।”

উল্লেখ্য, ২০২৫ সালের ১৩ ডিসেম্বর বিশ্বকাপের রূপকার মেসি যুবভারতী ক্রীড়াঙ্গনে পা রেখেছিলেন। কিন্তু অব্যবস্থা ও চরম বিশৃঙ্খলার জেরে অনুষ্ঠানটি ভেস্তে যায়। গ্যালারি থেকে বোতল বৃষ্টি, চেয়ার ভাঙচুর, মাঠের কার্পেট চুরি এমনকি তৎকালীন তৃণমূল সরকারের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের অতিরিক্ত হস্তক্ষেপের বিরুদ্ধেও ক্ষোভে ফেটে পড়েছিলেন দর্শকেরা। বহু ভক্ত ৪,০০০ ও ৬,০০০ টাকার টিকিটের অর্থ ফেরতের দাবি জানালেও দীর্ঘদিন তা অমীমাংসিতই থেকে যায়। এবার সেই পাওনা টাকা ফেরতের আশ্বাস দিলেন নতুন মুখ্যমন্ত্রী।

এদিনের ক্রীড়া দিবসের মঞ্চে প্রাক্তন হকি তারকা গুরবক্স সিং, রাজ্যের বর্তমান ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ এবং সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। অনুষ্ঠান মঞ্চ থেকেই কৃতী ক্রীড়াবিদদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি তাঁদের হাতে সরকারি নিয়োগপত্র তুলে দেওয়া হয়।

রাজ্যের ক্রীড়াক্ষেত্রের বিগত দিনের বেহাল দশার জন্য প্রাক্তন তৃণমূল সরকারকেই সরাসরি কাঠগড়ায় তোলেন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করে বলেন, এদিন যাঁদের হাতে নিয়োগপত্র দেওয়া হল, তাঁদের বহু নথিপত্র বিগত সরকারের মুখ্যমন্ত্রীর দফতরে প্রায় ১১ বছর ধরে আটকে রাখা হয়েছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *