‘মেসেজে নয়, নিয়ম মেনেই নিয়োগ!’ শিক্ষক দিবসে মেধা ও স্বচ্ছতার বার্তা মুখ্যমন্ত্রীর – এবেলা

এবেলা ডেস্কঃ
নিউটাউন: শিক্ষক নিয়োগে কোনও প্রকার দুর্নীতির জায়গা নেই, মেধার ভিত্তিতেই স্বচ্ছভাবে নিয়োগ সম্পন্ন হবে—শিক্ষক দিবসের অনুষ্ঠানে নিউটাউন থেকে এ কথাই স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী। আজ, শনিবার শিক্ষক দিবসের বিশেষ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, আদালতের নির্দেশ মেনেই যাবতীয় নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হবে। ‘মোবাইলে মেসেজ পাঠিয়ে’ বা অনিয়ম করে কোনও নিয়োগ হবে না।
নিয়োগে মেধা প্রাধান্য ও নম্বর কাঠামোর পরিবর্তন স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের প্রতিশ্রুতি দিয়ে মুখ্যমন্ত্রী জানান, এই প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বচ্ছ রাখতে অভিজ্ঞ আমলা দুষ্ম্যন্ত নারিয়ালকে এসএসসি (SSC)-র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, আগের সরকারের আমলে স্বজনপোষণের উদ্দেশ্যে মৌখিক পরীক্ষায় ২০ নম্বর রাখা হতো। স্বচ্ছতা ফেরাতে সেই ইন্টারভিউ বা ভাইভার নম্বর কমিয়ে ৫ করার নির্দেশ দিয়েছেন তিনি, যাতে মেধার ভিত্তিতেই যোগ্য প্রার্থীরা সুযোগ পান।
শিক্ষা ব্যবস্থা ও সিলেবাসে রদবদল রাজ্যের শিক্ষা ব্যবস্থার বর্তমান পরিস্থিতি ও অতীতের কিছু ভুলের কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, শিক্ষাব্যবস্থায় বেশ কিছু নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে:
- শরীরচর্চা ও খেলাধুলো: ব্রতচারীর মতো ঐতিহ্যবাহী শরীর চর্চার মাধ্যমকে ফিরিয়ে আনা হবে। খেলাধুলোয় বিশেষ নজর দেওয়া হবে।
- NCC-র প্রত্যাবর্তন: পূর্বে স্কুল-কলেজ থেকে এনসিসি তুলে দিয়ে ‘জয় হিন্দ বাহিনী’ তৈরির সিদ্ধান্তে ক্ষতি হয়েছে উল্লেখ করে এনসিসি ফিরিয়ে আনার কথা বলেন তিনি।
- নতুন সিলেবাস: শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে খুব শীঘ্রই নতুন সিলেবাস আনা হবে।
রাষ্ট্রীয় ঐক্য ও দেশপ্রেমের বার্তা শিক্ষক সমাজকে সতর্ক করে মুখ্যমন্ত্রী বলেন, জাতীয় নিরাপত্তা ও দেশপ্রেমের বিষয়ে কোনও আপস করা চলবে না। যাঁরা দেশের ভেতরে থেকে রাষ্ট্রের ক্ষতি করে, পূর্ণাঙ্গ ‘বন্দে মাতরম’ নিয়ে আপত্তি তোলে কিংবা পহেলগাঁও-এ জঙ্গি হামলার বিরোধিতা না করে দেশের পদক্ষেপ নিয়ে প্রশ্ন তোলে—তাঁদের বিরুদ্ধে শিক্ষক সমাজ ও দেশপ্রেমী নাগরিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
