লেটেস্ট নিউজ

‘মোটা ভাই জবাব চাই’: পাল্টা ১৫ পাতার চার্জশিটে অমিত শাহকে বিঁধল তৃণমূল – এবেলা

এবেলা ডেস্কঃ

২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বঙ্গ রাজনীতিতে তুঙ্গে ‘চার্জশিট’ যুদ্ধ। তৃণমূল সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পেশ করা অভিযোগের জবাবে শনিবার পাল্টা ১৫ পাতার চার্জশিট প্রকাশ করল শাসকদল। তৃণমূল ভবনে আয়োজিত সাংবাদিক বৈঠকে ব্রাত্য বসু, মহুয়া মৈত্র এবং কীর্তি আজাদ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে ধরেন। তাদের মূল স্লোগান ছিল, ‘বাংলা বিরোধী বিজেপি। মোটা ভাই, জবাব চাই।’

বিজেপিকে আক্রমণ করে তৃণমূল নেতৃত্ব দাবি করেন, দেশের বিজেপি শাসিত রাজ্যগুলিতে নারী ও আদিবাসীদের ওপর নির্যাতন সবথেকে বেশি। মণিপুরের অশান্তি, কাশ্মীরে সাধারণ মানুষের মৃত্যু এবং দিল্লির বিস্ফোরণ রুখতে ব্যর্থতার জন্য অমিত শাহকে সরাসরি দায়ী করেন তারা। পাশাপাশি, বাংলায় কেন্দ্রীয় বঞ্চনা, বেকারত্ব এবং বাংলার মনীষীদের অপমানের প্রসঙ্গও এই চার্জশিটে স্থান পেয়েছে। দুর্নীতির অভিযোগে বিদ্ধ নেতাদের বিজেপিতে আশ্রয় দিয়ে ‘ক্লিনচিট’ দেওয়ার কড়া সমালোচনা করে তারা।

তৃণমূলের অভিযোগ, বিজেপি বাংলাকে পরিকল্পিতভাবে টার্গেট করছে এবং সাধারণ মানুষকে ‘অনুপ্রবেশকারী’ তকমা দিয়ে অপমান করছে। ব্রাত্য বসু সাফ জানান, বাংলাকে গেরুয়া রঙে রাঙানোর চেষ্টা সফল হবে না। পাল্টাপাল্টি এই রাজনৈতিক লড়াইয়ে একে অপরকে ‘ব্যর্থ ইঞ্জিন’ ও ‘ভোট চোর’ বলে কটাক্ষ করেছে। নির্বাচনের আগে দুই শিবিরের এই নজিরবিহীন দড়ি টানাটানিতে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের রাজনৈতিক আবহাওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *