লেটেস্ট নিউজ

মোদি সরকারের ভুল সিদ্ধান্তে বারবার নাজেহাল দেশবাসী রান্নার গ্যাসের লাইনে দাঁড়িয়ে ক্ষোভ উগরে দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য – এবেলা

এবেলা ডেস্কঃ

নির্বাচন কমিশনের এসআইআর তালিকা থেকে লক্ষ লক্ষ নাম বাদ পড়া এবং রান্নার গ্যাসের তীব্র সংকট নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হলো তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও নেতা তন্ময় ঘোষ মোদি সরকারকে ‘দূরদর্শিতাহীন’ বলে তীব্র আক্রমণ করেন। তৃণমূলের অভিযোগ, গত ১২ বছরে ভুল ও অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে দেশের সাধারণ মানুষকে চারবার দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চরম ভোগান্তি পোহাতে হয়েছে।

সংবাদ সম্মেলনে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “এই সরকার মানুষকে কেবল লাইনে দাঁড় করাতে জানে। শুরু থেকেই তারা একের পর এক জনবিরোধী ও অপরিকল্পিত সিদ্ধান্ত নিয়েছে।” তিনি ২০১৬ সালের নোটবন্দি এবং ২০২০ সালের করোনা মহামারীর সময় অক্সিজেন ও পরিযায়ী শ্রমিকদের দুর্দশার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, মোদি সরকারের ‘তুঘলকি’ সিদ্ধান্তের কারণে সাধারণ মানুষকে বারবার রাস্তায় নামতে হয়েছে।

তৃণমূলের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিসংখ্যান তুলে ধরে জানানো হয়, ২০১৬ সালে নোটবন্দির লাইন থেকে শুরু করে ২০২০ সালে অক্সিজেনের জন্য হাহাকার, আর এখন ২০২৫-২৬ সালে এসআইআর এবং এলপিজি সিলিন্ডারের জন্য মানুষকে লাইনে দাঁড়াতে হচ্ছে। এসআইআর-এর খসড়া তালিকায় প্রথমে ৫৮ লক্ষ নাম বাদ পড়ার পর চূড়ান্ত তালিকায় আরও ৫ লক্ষ ৪৬ হাজার নাম বাতিল করা হয়েছে। বর্তমানে প্রায় ৬০ লক্ষ ভোটারের ভাগ্য ‘বিচারাধীন’ অবস্থায় রয়েছে, যা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছে ঘাসফুল শিবির।

মন্ত্রী আরও অভিযোগ করেন যে, যখন দেশে সংকটের মেঘ ঘনিয়ে আসে, তখন প্রধানমন্ত্রী বিদেশে সফরে ব্যস্ত থাকেন। সাধারণ মানুষের নাগরিক অধিকার এবং রান্নার গ্যাসের মতো মৌলিক চাহিদা মেটানোর পরিবর্তে সরকার বিভাজনের রাজনীতিতে ব্যস্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রান্নার গ্যাসের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও সংকটের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন। তৃণমূলের দাবি, আমজনতার স্বার্থে অবিলম্বে বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *