মোদী-তারেক বৈঠক: পুরোনো তিক্ততা ভুলে নতুন কূটনীতির বার্তা দিল্লির – এবেলা

মোদী-তারেক বৈঠক: পুরোনো তিক্ততা ভুলে নতুন কূটনীতির বার্তা দিল্লির – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারত ও বাংলাদেশের বর্তমান কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আশার কথা শুনিয়েছে নয়াদিল্লি। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগ দেওয়ার কথা রয়েছে। সম্প্রতি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ এবং বেশ কিছু ইস্যু নিয়ে দুই দেশের সম্পর্কের কিছুটা অবনতি হলেও, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সফরকে স্মরণীয় করে তুলতে আগ্রহী বলে জানান ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

মঙ্গলবার ঢাকায় এক সংবর্ধনা অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার বলেন, দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি হলে দুই দেশের সাধারণ মানুষ এবং ব্যবসায়িক মহল উভয়েই উপকৃত হবে। তিনি জানান, অতীতে নানা মতপার্থক্য থাকলেও ইতিহাস ও সংস্কৃতির অভিন্ন টানকে কাজে লাগিয়ে এবার সামনের দিকে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। একই সঙ্গে ‘নতুন বাংলাদেশ’-এর তরুণ প্রজন্মের কথা উল্লেখ করে তাঁদের জন্য শান্তি ও বৈশ্বিক সমৃদ্ধির পরিবেশ তৈরিতে ভারতের একযোগে কাজ করার সদিচ্ছার কথা জানান তিনি।

প্রসঙ্গত, সম্প্রতি দিল্লিতে আয়োজিত শেখ হাসিনার একটি ভার্চুয়াল বক্তব্য কেন্দ্র করে ঢাকা-নয়াদিল্লির সম্পর্কে নতুন করে জলঘোলা হয়। তবে ভারতের বিদেশ মন্ত্রক স্পষ্ট করেছে যে, ওই অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক ছিল না এবং সেখানে সরকারের বিরুদ্ধে বলা কোনো বক্তব্যকে নয়াদিল্লি সমর্থন করে না। ফলে এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন দিল্লি সফর দুই দেশের শীতল সম্পর্কের বরফ গলাতে এবং নতুন কূটনৈতিক পথ তৈরি করতে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *