মোদী সরকারকে সরাসরি চ্যালেঞ্জ রাহুলের, ‘সাহস থাকলে গ্রেফতার করুন সব বিক্ষোভকারীকে’ – এবেলা

এবেলা ডেস্কঃ
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে দিল্লির যন্তর মন্তরে উত্তাল বিক্ষোভের মধ্যেই কেন্দ্র সরকারকে তীব্র আক্রমণ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর সহযোগীদের ‘কাপুরুষ’ আখ্যা দিয়ে তিনি স্পষ্ট জানান, সংবিধান রক্ষার এই লড়াই থেকে বিরোধীরা এক পা-ও পিছপা হবে না। মোদী সরকারকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে রাহুল বলেন, ক্ষমতা থাকলে সমস্ত বিক্ষোভকারীকে গ্রেফতার করে দেখাক প্রশাসন। একই সঙ্গে রাজপথে নেমে আসা দেশের তরুণ সমাজের সাহসিকতার প্রশংসা করে তাঁদের আন্দোলন চালিয়ে যাওয়ার ডাক দেন তিনি।
দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, যন্তর মন্তরের দিকে যাওয়ার সময় রাজধানীজুড়ে চলা এই বিক্ষোভ থেকে এখনও পর্যন্ত প্রায় ১ হাজার আন্দোলনকারীকে আটক করা হয়েছে। ঘটনার জেরে তীব্র নিন্দা জানিয়ে প্রিয়াঙ্কা গান্ধী এক্স হ্যান্ডেলে অভিযোগ করেছেন, বর্তমান শাসনব্যবস্থায় দেশে আর গণতন্ত্র নেই, বরং এটি একনায়কতন্ত্রে পরিণত হয়েছে। বিরোধীদের এই কড়া হুঙ্কার এবং ব্যাপক আটকের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
