মোদীর যোগ দিবসে ৫০০ লঞ্চ-বোট যাবে বাবুঘাটে! আজ থেকেই ১ সপ্তাহ বন্ধ সুন্দরবন পর্যটন – এবেলা

মোদীর যোগ দিবসে ৫০০ লঞ্চ-বোট যাবে বাবুঘাটে! আজ থেকেই ১ সপ্তাহ বন্ধ সুন্দরবন পর্যটন – এবেলা

এবেলা ডেস্কঃ

গোসাবা: আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর প্রধানমন্ত্রীর এই মেগা অনুষ্ঠানে যোগ দিতে সুন্দরবন থেকে এবার কলকাতার বাবুঘাটের উদ্দেশে পাড়ি দিচ্ছে শয়ে শয়ে ট্যুরিস্ট লঞ্চ ও মেকানাইজড বোট। এই বিপুল সংখ্যক জলযান কলকাতায় চলে যাওয়ার কারণে আগামী এক সপ্তাহ সুন্দরবনে পর্যটন সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের (STR) পক্ষ থেকে একটি জরুরি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, ১৬ জুন থেকে ২৩ জুন পর্যন্ত সুন্দরবনে পর্যটকদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এই ক’দিন ইকো ট্যুরিজম স্পটগুলো বন্ধ রাখার পাশাপাশি অনলাইন বুকিং পোর্টালও নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। আগামী ২৪ জুন থেকে সুন্দরবনে পর্যটন পরিষেবা আবার স্বাভাবিক হবে।

বাবুঘাটে জমায়েত হবে ৫০০ জলযান:

সুন্দরবন টুরিস্ট মেকানাইজ বোট ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক আমিরুল মিদ্দে জানিয়েছেন, “প্রধানমন্ত্রীর যোগ দিবসের অনুষ্ঠানের জন্য আমাদের সংগঠন থেকেই ৪০৭টি মেকানাইজড বোট কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। বোটের তালিকা ইতিমধ্যেই গোসাবা বিডিও অফিসে জমা দেওয়া হয়েছে।” সব মিলিয়ে সুন্দরবন থেকে প্রায় ৫০০টি লঞ্চ ও বোট আজ, মঙ্গলবার থেকেই একে একে কলকাতার বাবুঘাটের দিকে রওনা দেবে।

ভরা মরশুমের শুরুতেই মাথায় হাত ব্যবসায়ীদের:

জুন মাস পড়ার পর থেকেই সুন্দরবনে পর্যটকদের আনাগোনা বেশ বাড়ছিল। এমনকি গত কয়েকদিনে একাধিকবার দক্ষিণরায়ের দেখাও মিলেছে। ভরা মরশুমের ঠিক শুরুতেই এভাবে টানা এক সপ্তাহ পর্যটন বন্ধ হয়ে যাওয়ায় চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় লঞ্চ, বোট ও হোটেল মালিকরা। এই ব্যবসার ওপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল সুন্দরবনের হাজার হাজার সাধারণ মানুষও এখন চরম বিপাকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *