লেটেস্ট নিউজ

মোদীর রোড শো ও সভাপতির সাংগঠনিক সফর: বঙ্গে তুঙ্গে বিজেপির নির্বাচনী প্রস্তুতি – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যে নির্বাচনী রণকৌশল সাজাতে সক্রিয় হয়ে উঠেছে বিজেপি নেতৃত্ব। দলীয় সূত্রের খবর, আগামী ২৪ থেকে ২৬ মার্চের মধ্যে পশ্চিমবঙ্গ সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। কেন্দ্রীয় পর্যবেক্ষকদের ওপর নির্ভর না করে তিনি নিজেই উত্তরবঙ্গ, রাঢ়বঙ্গসহ পাঁচটি সাংগঠনিক জোনের নেতাদের সাথে সরাসরি বৈঠকে বসবেন। প্রার্থীর নাম ঘোষণার পর তৃণমূল স্তরের প্রস্তুতি ঝালিয়ে নেওয়াই এই সফরের মূল লক্ষ্য।

সভাপতির সফরের রেশ কাটতে না কাটতেই বঙ্গে প্রচারে নামছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩০ মার্চের পর তাঁর ম্যারাথন জনসংযোগ শুরু হওয়ার কথা রয়েছে। বিশেষভাবে নজর কাড়ছে কলকাতায় প্রধানমন্ত্রীর প্রস্তাবিত রোড শো। প্রথম ও দ্বিতীয় দফার ভোটের মধ্যবর্তী সময়ে, অর্থাৎ ২৪ থেকে ২৭ এপ্রিলের মধ্যে এই কর্মসূচি পালিত হতে পারে। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে চূড়ান্ত সূচি আসার অপেক্ষায় রয়েছে রাজ্য বিজেপি।

কলকাতা ছাড়াও শিলিগুড়ি, দুর্গাপুর বা আসানসোলের মতো গুরুত্বপূর্ণ শহরে মোদীর রোড শো করার পরিকল্পনা রয়েছে। নিরাপত্তা ও রাস্তার পরিস্থিতি খতিয়ে দেখে এসপিজি অনুমতি দিলেই এই সূচি চূড়ান্ত হবে। ভোট ঘোষণার আগে সাতটি সভা করা প্রধানমন্ত্রী আগামী দেড় মাসে রাজ্যে আরও দশটি জনসভা করতে পারেন। প্রতিটি সাংগঠনিক বিভাগেই তাঁর সরব উপস্থিতি নিশ্চিত করতে চাইছে গেরুয়া শিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *