মোবাইল নিয়ে মায়ের বকুনিতে চরম পথ বেছে নিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী – এবেলা
এবেলা ডেস্কঃ
NEWS DESK : মেমারির তাতারপুরে মোবাইল ফোন ব্যবহার করা নিয়ে মায়ের বকুনি সইতে না পেরে আত্মঘাতী হলেন ১৯ বছর বয়সী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রুকসানা খাতুন। দ্বিতীয় দিনের পরীক্ষা দিয়ে ফেরার পর পড়াশোনা ছেড়ে ফোনে মগ্ন থাকায় মা তাকে সতর্ক করেছিলেন। এরপর অভিমানে নিজের ঘরে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার পথ বেছে নেন ওই তরুণী। শনিবার সকালে ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে পরিবার।
উদ্ধারের পর মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃতার দাদা মহিউদ্দিন মণ্ডলের মতে, পরীক্ষার মাঝে মোবাইল ঘাঁটা নিয়ে মা বকাবকি করায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন রুকসানা। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে এবং ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।

