লেটেস্ট নিউজ

যশোর-খুলনাকে ভারতে শামিল করার ডাক শমীক ভট্টাচার্যের – এবেলা

এবেলা ডেস্কঃ

২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতা বাড়িয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে তিনি অভিযোগ করেন, রাজ্যে ক্রমবর্ধমান অনুপ্রবেশ ও জনবিন্যাসের পরিবর্তনের ফলে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ বিপন্ন হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় তিনি বিতর্কিত মন্তব্য করে জানান, বাংলাদেশ থেকে কেউ এলে জমি নিয়েই আসুক, নতুবা যশোর ও খুলনাকে ভারতের সঙ্গে যুক্ত করা উচিত।

শমীক ভট্টাচার্য আরও দাবি করেন, খিদিরপুর, মহেশতলা ও মুর্শিদাবাদের মতো এলাকায় ধর্মীয় মেরুকরণ বাড়িয়ে ‘মিনি পাকিস্তান’ সদৃশ পরিবেশ তৈরি করা হচ্ছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, ধর্মের ভিত্তিতে রাজনীতি করে দেশের নিরাপত্তা বিঘ্নিত করা হচ্ছে। তবে তিনি স্পষ্ট করেন যে, বিজেপি কোনো নির্দিষ্ট ধর্মের বিরোধী নয় এবং ভারতীয় মুসলমানদের প্রতি তাঁদের পূর্ণ সম্মান রয়েছে।

এদিনের অনুষ্ঠানে মেখলিগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়ক অর্ঘ্য রায় প্রধান ও রাজবংশী নেতা বংশীবদন বর্মন বিজেপির প্রতি সংহতি প্রকাশ করেন। শমীক ভট্টাচার্য হুঁশিয়ারি দিয়ে জানান, অতীতের কোনো ‘গোলামির প্রতীক’ রাজ্যে আর ফিরতে দেওয়া হবে না। আসন্ন নির্বাচনে পশ্চিমবঙ্গকে ‘পশ্চিমবাংলাদেশ’ হওয়া থেকে রক্ষা করাই তাঁদের প্রধান লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *