যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জোরকদম ‘সাফাই অভিযান’, মুছছে দেওয়াল লিখন – এবেলা

এবেলা ডেস্কঃ
মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পর যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকা বিতর্কিত ও আপত্তিকর দেওয়াল লিখন এবং গ্রাফিতি মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। কলা বিভাগের হস্টেল চত্বরের কিছু দেওয়াল লিখনের ভিডিও সামনে আসার পরই রাজ্য রাজনীতিতে তীব্র চাপানউতোড় শুরু হয়। এই ঘটনার জেরে জাতীয়তাবাদী ও বাম ছাত্র সংগঠনগুলির মধ্যে সংঘাত চরম আকার ধারণ করে। বিশ্ববিদ্যালয়ে শান্তি ফিরিয়ে আনতে এবং ক্যাম্পাস চত্বরকে বিতর্কমুক্ত করতে আগামী সপ্তাহ থেকেই এই বিশেষ সাফাই কাজ শুরু হতে পারে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দফায় দফায় বৈঠক করে প্রাথমিক পর্যায়ে এসব আপত্তিকর বার্তা মুছে ফেলার চিন্তাভাবনা শুরু করেছে। তবে এই সংবেদনশীল বিষয়টি নিয়ে এখনই প্রকাশ্যে বিশদ কোনো মন্তব্য করতে রাজি হননি ভারপ্রাপ্ত রেজিস্ট্রার। বর্তমানে অসুস্থতার কারণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্রামে রয়েছেন, তিনি কাজে ফিরলেই আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনিক স্তরে তৎপরতা এখন তুঙ্গে।
