লেটেস্ট নিউজ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংঘর্ষে আহত পড়ুয়া, তদন্তে উচ্চপর্যায়ের কমিটি

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের ছাত্র সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। কালেক্টিভ ও এসএফআই সংগঠনের লড়াইয়ে ইংরেজি প্রথম বর্ষের ছাত্র প্রিয়ম চট্টোপাধ্যায়ের কানের পর্দা ফেটেছে বলে অভিযোগ। বর্তমানে তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। গত শুক্রবার শিক্ষক নিগ্রহের ঘটনায় শিক্ষকদের পাশে দাঁড়ানোর জেরেই প্রিয়মের ওপর এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে এসএফআই নেতৃত্ব।

শিক্ষক নিগ্রহের প্রতিবাদে সরব হয়েছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরাও। দোষীদের শাস্তির দাবিতে উপাচার্যকে স্মারকলিপি জমা দিয়েছে অধ্যাপক সমিতি। দাবি পূরণ না হলে আগামী ২৬ ফেব্রুয়ারি কর্মবিরতি এবং ২৭ ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে ২ মার্চ থেকে সমস্ত প্রশাসনিক কাজ বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা।

ঘটনার তদন্তে উপাচার্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছেন। প্রাক্তন আইএসআই ডিরেক্টর বিমল রায়ের নেতৃত্বে এই কমিটিতে রয়েছেন বিমল রায়, শ্যামল রায়সহ বিশিষ্ট শিক্ষাবিদরা। আগামী ২৭ ফেব্রুয়ারির মধ্যে কমিটিকে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় চত্বরে শান্তি বজায় রাখতে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *